স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে কোপা আমেরিকার ফাইনালে উত্তীর্ণ হয়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেললেও ঠিকমতো গোল পাচ্ছেন না এই বার্সেলোনা সুপারস্টার। মেসিভক্তরা শুধু আর্জেন্টিনার জয়েই তৃপ্ত নন, তারা মেসির পা থেকে চোখধাঁধানো গোল দেখতে চান।
ভক্তদের সেই চাওয়া পুরোপুরি পুরণ করতে পারেননি এলএম টেন। পাঁচ ম্যাচে মাত্র এক গোল করেছেন তিনি। তবে গোল নিয়ে খুব একটা চিন্তিত নন চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী এই তারকা।
কোপা আমেরিকার সেমিফাইনালে মেসি-ঝলকে প্যারাগুয়েকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে আর্জেন্টিনা। মেসি গোল না পেলেও তিনটি গোলে সরাসরি অ্যাসিস্ট করার পাশাপাশি অন্য একটি গোলে পরোক্ষ সহায়তা করেন।
এই জাদুকরি পারফরম্যান্সের জন্য এই ক্ষুদে জাদুকর বরাবরের মতো এদিনও ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন। এ নিয়ে টুর্নামেন্টের পাঁচ ম্যাচেই ম্যাচ সেরা খেলোয়াড় মনোনীত হন এই বার্সেলোনা সুপারস্টার। যদিও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ শেষে হতাশার কারণে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করেননি তিনি।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে গোল করার পর টানা চার ম্যাচে গোল করতে ব্যর্থ লিওনেল মেসি। তবে নিজের গোলের চেয়ে দলের অনবদ্য পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দিচ্ছেন মেসি। নিজের গোল খরা নিয়ে তিনি চিন্তিত নন বলে জানান।
মঙ্গলবার (বুধবার বাংলাদেশ সময় সকাল) ম্যাচ শেষে লিওনেল মেসি বলেন, ‘গোল করতে না পারায় আমি খুব বেশি চিন্তিত নই। আমরা পরিপূর্ণ এক ম্যাচ খেলেছি। আগের ম্যাচগুলোতে আমরা যেমন খেলেছি আজও ঠিক তেমন খেলেছি। আমরা একই আইডিয়া অনুসরণ করে খেলেছি।’
ফাইনালে যাওয়ার প্রথম লক্ষ্য পূরণ হয়েছে বলে জানান আর্জেন্টিনা অধিনায়ক। পাশাপাশি শিরোপা জয় নিয়ে রোমাঞ্চিত বলেও জানান এই ক্ষুদে জাদুকর।
লিওনেল মেসি বলেন, ‘আমরা ফাইনালে উঠার প্রথম লক্ষ্য পূরণ করেছি। আমরা চ্যাম্পিয়ন হতে পারবো ভেবে রোমাঞ্চিত।’
কোপা আমেরিকার ফাইনালে আগামী ৪ জুলাই স্বাগতিক চিলির মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। ফাইনালে স্বাগতিক চিলির বিপক্ষে ম্যাচটি উত্তেজনাকর ও সেয়ানে সেয়ানে লড়াই হবে মনে করেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক হিসেবে শিরোপা তুলে ধরার বাসনাও প্রকাশ করেন তিনি।
মেসি বলেন, ‘যেহেতু এটি ফাইনাল তাই আমি মনে করি, লড়াইটি হবে সমানে সমান। কোপার শিরোপা জেতাটা হবে অনিন্দ্য, অসাধারণ। আসলে আমি জাতীয় দলের হয়ে কিছু জিততে চাই।’
সেমিফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে ৬-১ গোলের সহজ জয় পেলেও চিলির বিপক্ষের ফাইনালটি সহজ হবে না বলে মনে করেন ডিফেন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো।
মাসচেরানো বলেন, ‘আমরা এখান থেকে পেছনে ফিরে তাকাতে চাই না। আমরা ফাইনালেও নিজেদের মতো করে খেলবো। ফাইনালে আমরা নিজেদের ফেবারিট মনে করছি না। যারা নিজেদের সেরা খেলাটা খেলবে তারাই জিতবে।’

