স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডের হয়ে দ্বিতীয় মেয়াদের কোচিং-পর্বটা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি ডাচ হিডিঙ্ক। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার ১০ মাসের মধ্যেই তাকে বরখাস্ত করল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)।
ব্রাজিল বিশ্বকাপের পর লুইস ফন গালের স্থলাভিষিক্ত হন গাস হিডিঙ্ক। ফ্রান্সে অনুষ্ঠিতব্য আগামী ২০১৬ ইউরো কাপ পর্যন্ত তাকে কোচিং পদে রাখার ব্যাপারে চুক্তি করা হয়। তবে ইউরো বাছাইপর্বে নেদারল্যান্ডের বাজে পারফরম্যান্সের কারণে ১০ মাসের মাথায় বিদায় নিতে হচ্ছে ৬৮ বছর বয়সী এই কোচকে।
ইউরো বাছাইপর্বের ৬ ম্যাচ শেষে গ্রুপে শীর্ষে থাকা আইসল্যান্ডের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে থাকা নেদারল্যান্ড আপাতত টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। এই আইসল্যান্ডের কাছে গত অক্টোবরে ২-০ গোলে পরাজিত হয় ডাচরা। তাছাড়া জুনে ৩-১ গোলে এগিয়ে থেকেও হিডিঙ্কের অধীনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-৩ গোলে হেরে যায় ডাচরা।
এক বিবৃতিতে কেএনভিবি জানায়, ‘গাস হিডিঙ্ক ও কেএনভিবি আগামী ১ জুলাই চুক্তি বাতিলের ব্যাপারে একমত হয়েছে।’
দ্বিতীয় মেয়াদে নেদারল্যান্ডের কোচ হিসেবে ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন হিডিঙ্ক। তিনি বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিk যে আমাকে এভাবে বিদায় নিতে হচ্ছে। তবে নেদারল্যান্ডের কোচ হতে পারাটা সব সময়ই গর্বের। পরবর্তী কোচের জন্য শুভ কামনা রইলো এবং ইউরো কাপে নেদারল্যান্ডের জন্য শুভ কামনা রইলো।
কেএনভিবি যখন গাস হিডিঙ্ককে কোচ হিসেবে চুক্তিবদ্ধ করে তখনই আগামী ইউরো কাপ শেষে সহযোগী কোচ ড্যানি ব্লাইন্ডকে তার স্থলাভিষিক্ত করার ঘোষণা দেয়। এখন আগেভাগে হিডিঙ্ক বিদায় নেয়ায় ব্লাইন্ড তার জায়গায় বসবেন কী-না সেটা এখনো নিশ্চিত নয়।

