বিনোদন ডেস্ক : কঙ্গনা রানাওয়াতের কেরিয়ার গ্রাফের দিকে তাকালেই দেখা যাবে, ক্রমশ উপরের দিকেই উঠছে দিন দিন। অবশ্য এই সাফল্য হঠাৎ করে কিংবা নিতান্তই ভাগ্যের জোরেও পাননি তিনি। তার কঠিন পরিশ্রম ও নিবেদিত একাগ্রতা সত্যিই প্রসংশাযোগ্য। আর তাই ‘তনু ওয়েডস মনু’ ছবির সাফল্যের পর এবার তাকে দেখা যাবে রানি লক্ষ্মী বাইয়ের চরিত্রে।
শোনা যাচ্ছে, রানি লক্ষ্মী বাইয়ের আত্মজীবনীভিত্তিক ছবিতে ইংরেজ অভিনেতা হিউ গ্রান্টের বিপরীতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। রূপালী পর্দায় লক্ষ্মী বাইকে জীবন্ত করে তুলতেই ঘোড়ায় চড়া‚ তরোয়াল চালানো এবং আরো অনেক কিছু শিখতে হবে নায়িকাকে। পরিচালক কেতন মেহতার কথায় নাকি ইতোমধ্যে কঠোর পরিশ্রম শুরু করেছেন কঙ্গনা।
এই ছবিটি হিন্দি এবং ইংরেজি দুটি ভাষাতেই বানানো হবে বলে জানিয়েছেন পরিচালক। তিনি বলেছেন, তার স্বপ্ন ছিল ‘দ্য রাইজিং’ ছবির ট্রিলোজির নির্মাণ। ‘মঙ্গল পান্ডে’র পর ‘রানি লক্ষ্মী বাই’ ‘দ্য রাইজিং’ ট্রিলোজির দ্বিতীয় ছবি হবে। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মঙ্গল পান্ডে দ্য রাইজিং’ ছবির মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান।

