স্পোর্টস ডেস্ক : চিলির ডিফেন্ডার গঞ্জালো জারা কোপা আমেরিকায় আর খেলতে পারবেন না। উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে অখেলোয়াড়সূলভ আচরণের জন্য দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ফলে কোপা আমেরিকার চলতি আসরে আর খেলা হচ্ছে না তার।
বুধবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানির পশ্চাৎদেশে আঙুল দিয়ে তাকে উত্যক্ত করেন গঞ্জালো জারা। সঙ্গে সঙ্গে কাভানি কনুই দিয়ে মৃদু আঘাত করেন জারাকে। এই ঘটনায় জারা মাটিতে পড়ে গেলে রেফারি কাভানিকে লাল কার্ড দেখান। যদিও পরে রিপ্লে দেখে মনে হয়েছে, ইচ্ছাকৃত মাটিতে পড়ে যান এই চিলিয়ান ডিফেন্ডার।
কাভানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক চিলির কাছে ১-০ গোলে হেরে কোপা আমেরিকা থেকে ছিটকে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে।
এই প্রথমই বিপক্ষ খেলোয়াড়কে উত্যক্ত করার ঘটনায় দোষী সাব্যস্ত হননি গঞ্জালো জারা। ২০১৩ সালে বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজকে উত্যক্ত করলে তাকে মুখে আঘাত করে বসেন বার্সা তারকা। সেই ঘটনায় সুয়ারেজকে লাল কার্ড দেখানো হলেও পারে নিষিদ্ধ হন জারা।
কোপা আমেরিকায় শুরু থেকেই চিলির রক্ষণভাগকে দারুণভাবে সামলে আসছেন গঞ্জালো জারা। তাকে হারিয়ে সেমিফাইনালে বড় মূল্য দিতে হতে পারে প্রথমবারের মতো কোপার শিরোপা জয়ের স্বপ্নে বিভোর চিলিকে।
শুধু কোপা আমেরিকা থেকে বাদ পড়া নয়, এই ‘বিতর্কিত’ কর্মকাণ্ডের জন্য আরো মূল্য দিতে হচ্ছে এই চিলিয়ান ডিফেন্ডারকে। গঞ্জালো জারা’র জার্মান ক্লাব মেইঞ্জ তাকে দল থেকে ছেটে ফেলার পরিকল্পনা করছে।
মেইঞ্জের স্পোর্টিং ডিরেক্টর ক্রিশ্চিয়ান হেইডেল রয়টার্সকে বলেন, ‘আমরা এটি বরদাশত করবো না। (কাভানিকে) উত্যক্ত করার চেয়েও আমাকে বেশি রাগান্বিত করেছে পরে যেটি ঘটেছে সেটা। সে ইচ্ছাকৃতভাবে মাটিতে পড়েছে। এটি অভিনয় ছাড়া কিছু নয়।’
এরপর গঞ্জালো জারাকে বিদায় করে দেয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘সে জানে যে, যদি কোনো প্রস্তাব তার কাছে আসে তবে সে এখান থেকে চলে যেতে পারে।’

