স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির জনপ্রিয়তা গোটা বিশ্বব্যাপী। আফ্রিকান দেশ নাইজেরিয়ায়ও তার জনপ্রিয়তা কম নয়। অপহরণের শিকার এক আর্জেন্টাইন যুবক নাকি মেসির নাম বলতেই প্রাণে রক্ষা পান অপহরণকারীদের হাত থেকে। অপহৃত আর্জেন্টাইনের মুখে ‘মেসি-মেসি’ ডাক শুনে নাকি তাকে মুক্তি দিয়ে দেয়া হয়।
২৮ বছর বয়সী আর্জেন্টিনার নাগরিক সান্তিয়াগো লোপেজ মেনেন্দেজ পেশায় কৃষি-বিজ্ঞানী। গত বছর থেকে তিনি পশ্চিম আফ্রিকান দেশ নাইজেরিয়ায় কাজ করছেন। চলতি সপ্তাহের শুরুতে তাকে অপহরণ করা হয় এবং বন্দী করে বেদম প্রহার করা হয়। অপহরণকারীরা তাকে আমেরিকান নাগরিক ভেবে একটু বেশি মারধর করে।
মেনেন্দেজ বারবার বলতে থাকেন যে তিনি একজন আর্জেন্টাইন। তবে অপহরণকারীরা কিছুতেই বিশ্বাস করছিল না। বেদম প্রহারে যন্ত্রণাক্লিষ্ট মেনেন্দেজ এরপর কান্নাজড়িত কণ্ঠে ‘মেসি, মেসি, মেসি’ করতে থাকেন। এই ঘটনায় অপহরণকারীরা তাকে আর মারধর করেনি।
অপহরণের তিনদিন পর লোপেজ মেনেন্দেজকে মুক্তি দেয়া হয়। যদিও এজন্য মেনেন্দেজের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুক্তিপণ দিতে হয় অপহরণকারীদের।
এই ঘটনায় মেসির প্রতি বেশ অনুরক্ত হয়ে পড়েন লোপেজ মেনেন্দেজ। তিনি তার ভাইয়ের মাধ্যমে মেসির প্রতি এক বার্তা পাঠিয়ে বলেন, ‘তোমাকে ধন্যবাদ, মেসি। তোমার নাম বলাতেই আমার জীবন রক্ষা পেয়েছে।’

