স্পোর্টস ডেস্ক : আনপ্রেডিক্টেবল ‘পাকিস্তান’ সম্ভবত এটাকেই বলে। প্রথম ইনিংসে যারা অলআউট হয়ে গিয়েছিল মাত্র ১৩৮ রানে, দ্বিতীয় ইনিংসেই তারা শ্রীলংকার সামনে রীতিমত দুর্বোধ্য হয়ে উঠেছে। দুই ইনিংসের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। প্রথম ইনিংসে শ্রীলংকা লিড নিয়েছিল ১৭৭ রান। দ্বিতীয় ইনিংসে সেটা টপকে গিয়ে রীতিমত বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে চলেছে পাকিস্তানিরা।
কলম্বো টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে আজ। ইতিমধ্যে ৯২ রানের লিড নেওয়া হয়ে গেছে পাকিস্তানের। দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করে যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক আজহার আলি। তার সঙ্গে জুটি বেধে লঙ্কান বোলারদের সামনে চোখ রাঙাচ্ছেন আসাদ শফিকও।
অথচ দ্ব্তিীয় ইনিংসের শুরুতেও বিপর্যয়ে পড়েছিল পাকিস্তান। মাত্র ৯ রানের মাথায় হারিয়েছিল মোহাম্মদ হাফিজকে। এরপরই আহমেদ শেহজাদকে নিয়ে ১২০ রানের জুটি গড়েন আজহার। ৬৯ রান করে শেহজাদ আউট হয়ে গেলেও টিকে আছেন ওয়ান ডাউনে নামা এই ব্যাটসম্যান।
ইউনিস খানকে নিয়েও গড়েন ৭১ রানের একটি জুটি। ৪০ রান করে আউট হন ইউনিস। এরপর আসেন মিসবাহ-উল হক। তবে এ জুটিটা বেশি বড় হয়নি। মাত্র ২২ রান করে করে আউট হন মিসবাহ। তবে আসাদ শফিককে নিয়ে ভালো জুটি গড়ার পথে রয়েছেন আজহার। দু’জনে মিলে গড়েছেন ৩৫ রানের জুটি। ৯৫ রান নিয়ে ব্যাট করছেন আজহার আর ২৫ রান নিয়ে রয়েছেন আসাদ শফিক। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে রান ২৬৯।

