স্পোর্টস ডেস্ক : সার্জিও রামোসকে রিয়াল মাদ্রিদে আটকাতে এবার তৎপর হলেন বন্ধু ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব কর্তাদের সঙ্গে ঠাণ্ডা লড়াইয়ের জেরে মাদ্রিদ ছাড়তে চান রামোস। ইতিমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেড ঝাঁপিয়েছে তার জন্য। কিন্তু সতীর্থ রামোসকে আটকাতে মরিয়া রোনালদো। স্পেনের সংবাদ মাধ্যম জানিয়েছে, মিয়ামিতে ছুটি কাটানোর ফাঁকে রামোসের দলবদলের খবর নজরে আসে রোনালদোর।
তারপরই তৎপর হন সিআর সেভেন। রামোসকে মিয়ামি থেকেই ফোন করেছেন রিয়ালের পর্তুগিজ তারকা। বন্ধুকে বলেছেন রিয়াল মাদ্রিদ না ছাড়তে। রোনালদো চাইলেও রামোসকে কি আর রিয়ালের জার্সিতে দেখা যাবে? প্রশ্ন উঠছে কারণ; সাবেক ফুটবলার পেদ্রো রিয়েসকোর একটা মন্তব্য। পেদ্রো রামোসের ভাই রেনের খুব কাছের বন্ধু। তিনি গত সপ্তাহেই বলে দিয়েছেন, এবার রামোসকে আর রিয়ালে দেখতে পাওয়া হবে খুব কঠিন ব্যাপার।
ক্যাসিয়াস, রোনালদো ও রামোসের বড় ভূমিকা ছিল গত কয়েক বছরে রিয়ালের উত্থানে। বেনিতেজ কোচ হওয়ার পরে রামোস এবং ক্যাসিয়াসের ভাগ্য নিয়ে জল্পনা শুরু হয়। নতুন কোচ আসার ফলে ক্যাসিয়াসের ক্লাব ছাড়ার ব্যাপারটা নিয়ে প্রথমে লেখালেখি হচ্ছিল। এরপর শুরু হয় রামোসকে নিয়ে জল্পনা। ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে তার ঝামেলা। কর্মকর্তারা তাকে পাত্তাই দিচ্ছিলেন না।
সুযোগ বুঝে ম্যানচেস্টার ইউনাইটেড ঝাঁপিয়ে পড়ছে তার জন্য। ম্যানচেস্টারের ডিফেন্স ভালো নয় বলে কোচ ফন গাল বলেন, রামোসকে নিতে। এসব দেখেশুনে বেশ চটে গিয়েছেন রোনালদো। তার আবার রাগ অন্য জায়গায়। তিনি চেয়েছিলেন, কোচ আনচেলত্তিকে রেখে দেওয়া হোক। সেটা মানা হয়নি। বেনিতেজকে যে তিনি ভালো ভাবে নেননি, তা বোঝাই যাচ্ছে, তিনি কোনও মন্তব্য করেননি দেখে। বেনিতেজের সঙ্গে রোনালদোর কথাও হয়নি। মাঝে তো রটে গিয়েছিল, রোনালদো ক্লাব ছেড়ে দেবেন। এ গুঞ্জন শুনে পিএসজিও অর্থের থলি নিয়ে তৈরি ছিল।
রামোসকে আটকাতে তার দর বাড়িয়ে দিয়েছে রিয়াল। ইতিমধ্যেই রামোসের দর উঠে গিয়েছে ৬ কোটি ৫০ লক্ষ পাউন্ড! কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড রামোসের জন্য ৩ কোটি ৫০ লক্ষ পাউন্ড দিতে চেয়েছিল প্রথমে। সেই প্রস্তাবে না করে দেয় রিয়াল। ইউনাইটেড দমে না গিয়ে আরও বড় অঙ্কের প্রস্তাব নিয়ে আসছে বলে খবর ইংল্যান্ডের কাগজে। পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে দেখে বেনিতেজ কথা বলতে শুরু করেছেন ফুটবলারদের সঙ্গে। প্রথমে কথা বলা হয়, টনি ক্রুস এবং লুকা মডরিচের সঙ্গে।
এই ডামাডোলের ভিতর আটকে রয়েছে গোলকিপার ডি গিয়ার ম্যানচেস্টার থেকে রিয়ালে আসার ব্যাপারটা। দাম বাড়ছে তারও। মাঝে কথা হয়েছিল, রামোসকে নিলে ম্যানচেস্টার ডি গিয়াকে কম অর্থে দিয়ে দেবে রিয়ালকে। সেটা কী হবে, এখনও বোঝা যাচ্ছে না।
বার্সেলোনা আবার আরদা তুরান এবং পল পগবার জন্য ঝাঁপিয়ে পড়ছে। ঘর গোছাতে নেমে পড়েছে এসি মিলান এবং জুভেন্তাসও। ব্রাজিলের গার্সনের সঙ্গে কথা বলেছেন জুভরা। ইতালির সংবাদমাধ্যমের অনুযায়ী কার্লোস বাক্কার এসি মিলানে খেলা প্রায় পাকা। পল পগবার জন্য দৌড়ে এখন রিয়াল মাদ্রিদ আর পিএসজি নেই। লড়াই দাঁড়িয়েছে বার্সেলোনা ও ম্যানসিটির। পগবা অবশ্য মেসিদের সঙ্গে খেলতেই বেশি আগ্রহী।
জুভদের অবস্থা ভালো নয়। চ্যাম্পিয়ন্স লিগ রানার্স টিমের এক নম্বর স্ট্রাইকার তেভেজ যোগ দিচ্ছেন দেশের ক্লাব বোকা জুনিয়র্সে৷ পিরলো মেজর লিগ সকার খেলতে নিউ ইয়র্কে চলে গেলেন। এরমধ্যে পগবা পা বাড়িয়ে রেখেছেন স্পেনে। তবে এখনও পর্যন্ত বিশ্ব ফুটবলে সবচেয়ে আলোচনার কেন্দ্রে রামোস ও ক্যাসিয়াস এবং কিছুটা ডি গিয়া।

