নিজস্ব প্রতিবেদক : ভারতের সঙ্গে সিরিজ বিজয়ের মধ্য দিয়ে নতুন প্রজন্ম শুধুমাত্র ক্রীড়া বিজয়ের আনন্দ উপভোগ করেনি, স্বাধীনতা বিজয়ের আনন্দ পেয়েছে বলে মন্তব্য করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার। এই বিজয়কে একটি ইতিহাস বলে জানান তিনি।
রোববার সকালে জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা করতে গিয়ে বীরেণ শিকদার এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, এটা ইতিহাস। আমরা পাকিস্তানকে হারিয়েছি, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছি, ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছি। আর এসব বিজয় ক্রীড়াঙ্গনে বাংলাদেশের বর্তমান অগ্রগতিমূলক অবস্থান এবং উজ্জল ভাবমূর্তি তৈরি হয়েছে।’
এ সময় বাজেট নিয়ে তিনি বলেন, ‘বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল মুহিত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট প্রদান করেছেন; এটাও একটা ইতিহাস। এ জন্য তাকে ধন্যবাদ জানাই। বর্তমান সরকারের পক্ষেই এ বাজেট বাস্তবায়ন সম্ভব।’ একই সঙ্গে ক্রীড়াঙ্গনের জন্য ৮৩৫ কোটি টাকার বাজেটকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এটি আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।

