বিনোদন ডেস্ক : চলছে বর্ষাকাল। তাই শ্রোতাদের মন ভেজিয়ে দিতে ‘ঝুম বর্ষায়’ শিরোনামে একটি মিউজিক ভিডিও উপহার দিয়েছেন সংগীতপরিচালক তানভীর তারেক। জাহিদ আকবরের লেখা গানটির সুর ও সংগীতপরিচালনা করেছেন তানভীর তারেক নিজেই। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এলান। এতে মডেল হিসেবে আছেন জান্নাতুল পিয়া। পাশাপাশি ভিডিওতে পারফর্ম করেছেন তানভীর তারেক নিজেও।
মিউজিক ভিডিওটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘ঋতুভিত্তিক কিছু গান করার পরিকল্পনা ছিল আমার। সেই অনুযায়ী এই গানটি করা। বসন্ত নিয়েও একটি গান করব। এই গানটির ব্যাপারে গানবাংলা চ্যানেল আমাকে উৎসাহিত করেছে। যখন মিউজিক ভিডিওর শুটিং করেছি তখন একেবারেই বৃষ্টি ছিলো না। তাই অনেক পরিশ্রম করেই কাজটি শেষ করতে হয়েছে। তবে এখন শ্রোতাদের কাছ থেকে বেশ সাড়া পাওয়ার পর মনে হচ্ছে আমার পরিশ্রম বৃথা যায়নি।’
উল্লেখ্য, গানটি ইউটিউবে নিজের অফিসিয়াল চ্যানেলে প্রকাশ করেছেন তানভীর তারেক। কোরবানি ঈদে আরও তিনটি গান মিউজিক ভিডিওসহ প্রকাশ করার পরিকল্পনা আছে তার। ‘ঝুম বরষায়’ এবং বাকি তিনটি গানসহ চারটি গান দিয়ে কোরবানি ঈদে সিডি আকারে বাজারে অ্যালবাম প্রকাশও করবেন বলে জানিয়েছেন তারভীর তারেক।

