বিনোদন ডেস্ক : আবারো অডিও অ্যালবাম প্রযোজনায় ফিরছে ‘গানচিল’। ‘তুমি ছুঁয়ে দিলেই’ শিরোনামের একটি তারকাবহুল মিক্সড অ্যালবাম দিয়েই আবারও নিজেদের গোছাতে যাচ্ছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানটি। টাইটেল ট্রাকটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। এছাড়া বাকি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শাকিলা জাফর, নকিব খান, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী এবং কনক চাঁপা।
অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর করেছেন নকিব খান এবং মইনুল ইসলাম খান। অ্যালবামের সবগুলো গানের সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার এবং মীর মাসুম।
অ্যালবাম সম্পর্কে আসিফ ইকবাল বলেন, ‘পুরো এক বছর কাজ করেছি। শুরুর দিকের লেখা গান থেকে শুরু করে এই সময়ে লেখা গান দিয়ে সাজানো এই অ্যালবাম। আমার গান লেখার পুরো সময়কে ধারণ করেছে এই অ্যালবামের গানগুলো। স্বপ্ন ছিল নকিব ভাইয়ের সঙ্গে পুরো একটা অ্যালবাম করব। স্বপ্নটা পূরণ হতে চলেছে। এর আনন্দ অন্যরকম।’

