স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের কাছে লজ্জ্বাজনক সিরিজ হারের পরও বন্ধুত্ব টিকিয়ে রাখা এবং আরও উন্নতি করার লক্ষ্যে সাবেক বিসিবি এবং আইসিসি প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামালের কাছে চিঠি পাঠিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। চিঠিটা মূলতঃ বাংলাদেশকে সিরিজ জয়ের অভিনন্দন জানিয়ে। সঙ্গে মুস্তফা কামালের জন্য উপহারও পাঠিয়েছেন ডালমিয়া।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং শ্রীনিবাসনের সঙ্গে বিরোধের রেশ পুরোপুরি যে বাংলাদেশে আর ভারতের ক্রিকেট সম্পর্ক থেকে কেটে গেছে সেটা এখন স্পষ্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিসিসিআইয়ের মধ্যে দারুন ক্রিকেট সম্পর্ক বিদ্যমান। এ কারণেই সদ্য সমাপ্ত সিরিজটি অনুষ্ঠিত হতে পেরেছিল। সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র জগমোহন ডালমিয়ার কারণেই।
এ কারণেই সিরিজ জয় করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে বন্ধু মুস্তফা কামালের কাছে চিঠি দিলেন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া।
শুধু চিঠিই নয়, উপহার হিসেবে কামালের জন্য পাঞ্জাবী ও তার স্ত্রীর জন্য শাড়ি পাঠিয়েছেন তিনি। কিছুদিন আগে আইপিএলের ফাইনাল দেখতে কলকাতা সফরকালে মুস্তফা কামালও একই রকম উপহারসামগ্রী নিয়ে গিয়েছিলেন ডালমিয়া পরিবারের জন্য।
চিঠিতে যা লিখেছেন ডালমিয়া,
আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো মজবুত করার লক্ষ্যে, ক্রিকেটপাগল ভারতীয় জনগণের ভালবাসা ও প্রশংসার স্মারক হিসেবে এই উপহারসামগ্রী প্রেরণ করছি। আপনাদের জন্য সকল ক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

