স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ জুন সকালে ঢাকায় পা রাখবে এবি ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা। তার আগে রোববার ভোর ৩টা ২৫ মিনিটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ৭ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে মেহেদি হাসান মিরাজের দল।
গত এপ্রিল মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গেছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। এবার ফিরতি সিরিজে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশের তরুণরা। এবারও সাত ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে এ দুই দল।
দুই দলই সিরিজগুলো খেলছে আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একাদশ আসর। সংযুক্ত আরব আমিরাতে গত যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
দেশের মাটিতে গত এপ্রিলের সিরিজে বর্তমান চ্যাম্পিয়নদের ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের তরুণরা। এর আগে শ্রীলংকা সফরে গিয়েও যুব ওয়ানডে সিরিজ জিতে এসেছে মেহেদিরা।
এবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য গত ১ জুন থেকে বিকেএসপিতে নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে দলে রাখা হয়েছে চার পেসারকে। অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদি হাসান মিরাজ আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান শান্ত।
অধিনায়ক মেহেদি হাসান জানান, দক্ষিণ আফ্রিকার কন্ডিশন মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছেন তারা। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটের জন্য পাথরের স্ল্যাব বিছিয়ে ব্যাটিং অনুশীলন করেছি। নেটে বাউন্সি উইকেট বানিয়ে অনুশীলন করেছি। আমাদের প্রস্তুতি খুব ভালোই হয়েছে।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে দেশের মাটিতে, সেখানে দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক কন্ডিশনে খেলা কতটা কাজে দেবে- বড় এক প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এ বিষয়টি। তবে সেটার ব্যাখ্যা দিলেন কোচ মিজানুর রহমান, ‘আসলে ম্যাচ অনুশীলনই মূল কথা। সেটা যেখানেই হোক। দক্ষিণ আফ্রিকায় জিতলে আমাদের আত্মবিশ্বাস আরও বেশি থাকবে। তাছাড়া শুধু বিশ্বকাপই না, এই ছেলেরা এক দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবে। তখন এই অভিজ্ঞতা ওদের কাজে লাগবে।’
মূল সিরিজ শুরুর আগে ২ জুলাই চ্যাটসওয়ার্থ ক্রিকেট ওভাল মাঠে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের তরুণরা। সিরিজের প্রথম ওয়ানডে ৫ জুলাই ডারবানের কিংসমিডে অনুষ্ঠিত হবে। একই মাঠে ৭ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের বাকি পাঁচটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ১০, ১২, ১৪, ১৭ ও ১৯ জুলাই। প্রায় তিন সপ্তাহের সফর শেষে ২১ জুলাই দেশে ফিরবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), জয়রাজ শেখ, সাইফ হাসান, পিনাক ঘোষ, সাইফ উদ্দিন, শাহানুর রহমান, আবদুল হালিম, মেহেদি হাসান রানা, রিফাত প্রধান, সঞ্জিত সাহা, শাওন গাজি, প্রসেনজিত দাস, মোসাব্বেক হোসেন।
স্ট্যান্ড-বাই: জাকের আলি, নাহিদ হাসান, সিফাত ইসলাম, শফিউল হায়াত।

