ঢাকাFriday , 26 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাথুরুসিংহেকে ৭৪ লাখ টাকা বোনাস

Link Copied!

hathurusingheস্পোর্টস ডেস্ক : গত বছর জুনে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ান প্রবাসী শ্রীলংকান কোচের অধীনে ঘরের মাঠে তিন বিদেশি দলের চারটি সিরিজ জিতেছে মাশরাফি বাহিনী। তাই চুক্তি অনুযায়ী প্রতি সিরিজ জয়ের জন্য বোনাস ২০ হাজার ডলার ও বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের জন্য হাথুরু পেয়েছেন সাড়ে ১২ হাজার ডলার। সব মিলিয়ে দায়িত্ব নেয়ার পর বেতন ভাতার বাইরে শুধু উইনিং বোনাস বাবদই হাথুরুর অ্যাকাউন্টে যোগ হয়েছে ৭৪ লাখ টাকা।
বাংলাদেশ ক্রিকেট দলের ইতিহাসে সর্বোচ্চ বেতনে নিয়োগ পেয়েছিলেন সাবেক শ্রীলংকান ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে। প্রায় ২৬ হাজার ডলারসহ এখানে ফ্ল্যাট সুবিধা ছাড়াও বছরে তিনবার বাড়ি আসা যাওয়ার বিমান ভাড়া পেয়ে থাকেন অস্ট্রেলিয়ান প্রবাসী এ কোচ।
এছাড়া চুক্তির সময় সিরিজ জয়ের জন্যও বোনাস চেয়েছিলেন কোচ। ঐ সময় চুক্তি অনুযায়ী তাকে বলা হয়, প্রতি সিরিজ জয়ের জন্য তাকে দেয়া হবে ২০ হাজার ডলার করে।
বৃহস্পতিবার এ সম্পর্কে জানতে চাইলে বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘চুক্তির সময় বলা হয়েছিল কোচ প্রতি সিরিজ জয়ের জন্য ২০ হাজার ডলার করে পাবেন। এখন পর্যন্ত যে কয়টি সিরিজ তার তত্ত্বাবধানে বাংলাদেশ জয় পেয়েছে ইতোমধ্যেই সে টাকা তাকে দিয়ে দেওয়া হয়েছে। ভারত সিরিজ জয়ের টাকাটা শিগগিরই তিনি পেয়ে যাবেন।’
গত বছর নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু হয় হাথুরুসিংহের বাংলাদেশ মিশন। ঐ সিরিজে তিন ম্যাচের টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডেতে সফরকারীদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী দুই সিরিজে জয়ের জন্য চন্ডিকা পান ৪০ হাজার ডলার।
এরপর বিশ্বকাপ খেলতে যায় টাইগাররা। তার তত্বাবধানে বিশ্বকাপ আসরে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। দলের সঙ্গে কোচকেও দেওয়া হয় পুরস্কার। টাকার অংকটা সাড়ে ১২ হাজার ডলার (১০ লাখ টাকা)।
ওয়ানডে বিশ্বকাপ উত্তেজনা শেষ হতেই বাংলাদেশ সফরে আসে পাকিস্তান। এ দলটিকেও ঘরের মাঠে নাস্তানাবুদ করে ছাড়ে চন্ডিকার শিষ্যরা। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর একমাত্র টি-২০ তে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। ঐ সিরিজ জয়ের জন্য ২০ হাজার ডলার জমা হয় এই লংকান কোচের অ্যাকাউন্টে।
পাকিস্তান সিরিজের উত্তেজনা শেষ না হতেই শুরু হয় ভারত সিরিজ। বৃষ্টি বাধায় একমাত্র টেস্টটি ড্র হয়। এরপর ওয়ানডে সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখে মাশরাফিরা। দুই ম্যাচেই নিশ্চিত হয়ে যায় টাইগারদের সিরিজ জয়। আর এই সুবাদে হাথুরু পাচ্ছেন আরো ২০ হাজার ডলার।
সব মিলিয়ে দেশের মাটিতে তিন দেশের বিপক্ষে চারটি সিরিজ জিতেছে হাথুরুসিংহের শিষ্যরা। আর এখান থেকে এই লংকানের আয় ৮০ হাজার ডলার। টাকার অংকে যার পরিমাণ দাঁড়াচ্ছে ৬৪ লাখ টাকা।  বিশ্বকাপ থেকে সাড়ে ১২ হাজার ডলার (১০ লাখ টাকা)। সব মিলিয়ে ৭৪ লাখ টাকা।