স্পোর্টস ডেস্ক : গত বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু আর্জেন্টিনা কথা রেখেছিল, রাখেনি ব্রাজিল। আর তাই হয়নি ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল স্বপ্নের ফাইনাল।
তবে এবার কোপা আমেরিকা ফুটবলে ঐতিহাসিক সেমিতেই মুখোমুখি হওয়ার জোর সম্ভাবনা দুই দলের। তা করতে হলে, দুই দলকেই পার হতে হবে কোয়ার্টার ফাইনালের বৈতরণী। শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া, আর ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
আগাম সেমিফাইনালের বাড়তি রোমাঞ্চ এখনই পেতে শুরু করেছে দুই দলের ভক্তরা। তবে খেলোয়াড়দের মধ্যেও লাগছে উত্তাপ। ব্রাজিলিয়ান স্ট্রাইকার আগাম সেমির কথা ভাবতেই প্রশংসার ঢালি খুলে বসেছেন প্রতিপক্ষের লিওনেল মেসিকে নিয়ে।
৩০ জুন আর্জেন্টিনা-ব্রাজিলের সম্ভাব্য সেমির ম্যাচের আগে মেসির প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলের এই তারকা ফুটবলার। তিনি বলেছেন, ‘মেসি অতুলনীয়। সব কাজ বন্ধ রেখে সবাই তার খেলা দেখতে পছন্দ করে’। ।
তিনি আরও বলেন, ‘মেসি অনেকেরই আদর্শ ফুটবলার। অসাধারণ প্রতিভা দিয়ে টানা চারবার ফিফা বর্ষসেরার খেতাব জিতেছে সে।’
২০১১ সালে কোপা আমেরিকা ফুটবলে প্যারাগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। একই স্টেজে আর্জেন্টিনা বিদায় নিয়েছিল উরুগুয়ের সঙ্গে হেরে। ব্রাজিলের সামনে এবার সেই প্যারাগুয়ে। এর উপর নিষেধাজ্ঞার কারণে ব্রাজিল পাচ্ছে না তারকা ফুটবলার নেইমারকে। সব মিলিয়ে ব্রাজিলের সামনে রাজ্যের শংকা।
তবে উইলিয়ান আগাম সেমির ম্যাচ নিয়েই ভাবছেন বেশী। তিনি বলেন, ‘এটা নিঃসন্দেহ দারুণ কিছু ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা। সেমিতে যদি তাই হয়েই যায়, তা হবে মজার ব্যাপার। সবারই স্বপ্ন থাকে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা। আমরা প্রস্তুত সামনের দিকে এগিয়ে যেতে’।
কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ প্যারাগুয়ের প্রসঙ্গে উইলিয়ান বলেন, ‘প্যারাগুয়ে শক্ত প্রতিপক্ষ। তারা ৯০ মিনিট যুদ্ধ করে। তবে আমরা জানি এমন প্রতিপক্ষের সঙ্গে কিভাবে খেলতে হয়’।
তিনি আরও বলেন, ‘গত আসরে প্যারাগুয়ের সঙ্গে হেরে বিদায় নিয়েছিলাম। তবে আশা করি এবার সময়টা ভিন্ন হবে।’
আজ ২৬ জুন কোয়ার্টার ফাইনালের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। একদিন পর অর্থাৎ ২৭ জুন প্যারাগুয়ের মোকাবেলা করবে ব্রাজিল।

