তথ্যপ্রযুক্তি ডেস্ক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্যা ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং আমেরিকার সিলিকন ভ্যালি ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ এবং ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান ও বিজনেস ডেভলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট কাইল ক্লিং।
বৈঠকে এফবিসিসিআই এবং ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল আন্তর্জাতিক মানের নতুন আইটি উদ্যোক্তা তৈরি এবং তাদের মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে সম্মতি জ্ঞাপন করে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘সিলিকন ভ্যালির ব্যবসায়িক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তিকে বাংলাদেশে আনার ক্ষেত্রে এবং দেশিয় জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে সম্মিলিত ভাবে প্রচেষ্টা করতে হবে এবং নতুন প্রজন্মের বিকাশের জন্য এই পরিকল্পনাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।’
শামীম আহসান বলেন, ‘এই যৌথ উদ্যোগের ফলে বাংলাদেশি উদ্যোক্তারা সিলিকন ভ্যালির পর্যাপ্ত সুবিধাগুলো পাবে। এর মাধ্যমে তাদের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সামর্থ্য তৈরি হবে ও পাশাপাশি তাদের নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে।’
ইতিমধ্যেই বাংলাদেশের আইসিটি খাতে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল। প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনের সাথে যৌথভাবে আন্তর্জাতিক মানের নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের মানোন্নয়নে প্রয়োজনীয়তা সহযোগিতা দিতে চায়।

