বিনোদন ডেস্ক : ২০ জুন থেকে স্কটল্যান্ডে শুরু হয়েছে ‘প্রেমী ও প্রেমী’ ছবির চিত্রধারণের কাজ। কথা ছিলো এখানে টানা ৪০দিন শুটিং শেষে পুরো ইউনিট যাবে কলকাতায়। তারপর বাংলাদেশেও ছবিটির কিছু অংশের দৃশ্য ধারণ করা হবে। কিন্তু হঠাৎ করেই লোকেশনে পরিবর্তন এনেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। তাই স্কটল্যান্ডের পর ইংল্যান্ডে ‘প্রেমী ও প্রেমী’ ছবির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে।
যৌথ প্রযোজনার ছবি ‘প্রেমী ও প্রেমী’তে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং কলকাতার নায়ক অঙ্কুশ। সাধারণত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবির দৃশ্য ধারণ করা হয় দুই দেশেই। কিন্তু ‘প্রেমী ও প্রেমী’ ছবিটির ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটতে চলেছে। বাংলাদেশ ও ভারতের কোথাও ছবিটির শুটিং হবে না। তাই স্কটল্যান্ডে ছবির প্রথম লটের শুটিং শেষ করে পুরো ইউনিট যাচ্ছে ইংল্যান্ডে। সেখানে আবারো টানা ৪০ দিন ছবির বাকি অংশের চিত্রধারণ করা হবে বলে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়ার একটি সূত্র।
উল্লেখ্য, বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার অশোক পাতির যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে নুসরাত ফারিয়া ও অঙ্কুশ ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী। সবকিছু ঠিক থাকলে আসছে কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেয়া হকে পারে।

