আর্ন্তজাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় মার্স আক্রান্ত আরো ২ জন মারা গেছেন। এ নিয়ে সেখানে এই ভাইরাসে ২৯ জন মারা গেল। এছাড়া আরো একজন নতুন করে মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে দেশটিতে আরো একজনের দেহে মার্স ভাইরাসের জীবাণু সনাক্ত হয়েছে । এ নিয়ে সেখানে সবমিলিয়ে মার্স আক্রান্তের সংখ্যা ১৮০তে গিয়ে দাঁড়াল। সৌদি আরবের বাইরে এটিই সবচেয়ে বেশি মার্স আক্রান্তের ঘটনা।
এখনো দক্ষিণ কোরিয়ায় ৭৭ জন মার্স রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছেন তারা। তবে মার্সে আক্রান্ত যেসব রোগী মারা গেছেন এদের মধ্যে অধিকাংশই বয়স্ক রোগী বা আগে থেকেই তারা অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

