নিজস্ব প্রতিবেদক : দোষ স্বীকার না করেও কোন ব্যাক্তিকে সাজা দেয়া সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব, আইনের শাসনের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বৃহস্পতিবার বেলা সোয়া একটায় বার কাউন্সিলের সভাকক্ষে বার কাউন্সিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের আওতায় সাজার পরিমাণ বৃদ্ধি করার প্রয়োজন হলে অবশ্যই সুপ্রিমকোর্টের আওতায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওপর ন্যাস্ত করা যেতে পারে। অন্যথায় রাজনৈতিক প্রভাবে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের আওতায় নিরীহ জনগণ হয়রানীর শিকার হবে। ফলে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথকীকরণের যে উদ্দেশ্য তা ব্যাহত হবে।’
তিনি বলেন, ‘২০০৯ সালে করা ভ্রাম্রমাণ আদালতের আওতায় সাজার পরিমাণ বৃদ্ধির এবং এ ক্ষেত্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের ক্ষমতা প্রদান, ন্যায় বিচারের পরিপন্থি হবে বলে আমরা মনে করি। সরকারের কাছে দাবি ভ্রাম্যমান আদালত আইন সংশোধন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের সাজা প্রদানের ক্ষমতা কোনো অবস্থায়ই যেন বৃদ্ধি করা না হয়।’
সংবাদ সম্মেলনে আন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের নির্বাহী সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান প্রমুখ।

