নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো সেবা প্রতিষ্ঠানেই দুর্নীতি গ্রহণযোগ্য নয়।’
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য এম আবদুল লতিফের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
প্রশ্নকর্তা মন্ত্রীর কাছে জানতে চান দেশের হৃদরোগের একমাত্র বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল সম্পর্কে। এ হাসপাতালটি দেশের সব শ্রেণীর পেশার মানুষের হৃদরোগ চিকিৎসার ভরসাস্থল হওয়ার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। আকণ্ঠ অনিয়ম আর দুর্নীতিতে ডুবে আছে প্রতিষ্ঠানটি। উৎকোচ ছাড়া এক পাও নড়েন না বেশীরভাগ চিকিৎসক নার্স ও কর্মকর্তা-কর্মচারী। সরকার জনস্বার্থে হাসপাতালের দুর্নীতি ও অনিয়ম রোধে কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না?
জবাবে মন্ত্রী বলেন, ‘কোনো সেবা প্রতিষ্ঠানেই দুর্নীতি গ্রহণযোগ্য নয়। শুধু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল নয় যে কোন স্বাস্থ্য প্রতিষ্ঠানেই দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ দেশে সক্ষম দম্পত্তি আড়াই কোটির বেশি।
মো. মামুনুর রশিদ কিরনের অপর এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, সারা দেশে (আংশিক সিটি করপোরেশন এলাকাসহ) মোট সক্ষম দম্পত্তি ২ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৯৭৬ জন। এদের মধ্যে পরিবার পরিকল্পনা গ্রহণকারী দম্পত্তি ২ কোটি ১১ লাখ ৬৮ হাজার ৩০৮ জন। এতে শতকরা ৭৮ দশমিক ৬ জন দম্পত্তি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেন। প্রতি বছর একবার দম্পত্তিদের বয়স, সন্তান সংখ্যা ও পদ্ধতিভিত্তিক এ সংখ্যা নির্ণয় করা হয়েছে।
তিনি বলেন, ২০১৪ সালে সারা দেশে শূন্য সন্তানবিশিষ্ট সক্ষম দম্পত্তি ছিলো ২৩ লাখ ২২ হাজার ৩৪৪ জন। যাদের মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারী সংখ্যা ছিলো ৮ লাখ ৩০ হাজার ৪৩৯ জন। অর্থাৎ শতকরা ৩৫ দশমিক ৭৫ জন। এদের মধ্যে ১১ লাখ ৭৬ হাজার ১৭৯ জন কোন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেনি এবং ৩ লাখ ১৫ হাজার ৭১৬ জন ছিলো গর্ভবতী।

