আর্ন্তজাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার পূর্ব ইউরোপে ওয়াশিংটনের ভারী অস্ত্রসস্ত্র মোতায়েনের সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, রাশিয়ার মোকাবিলায় নিজের মিত্রদের রক্ষা করবে ওয়াশিংটন।
সোমবার জার্মানির মুয়েনস্টারে জার্মানি, নরওয়ে ও নেদারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে কার্টার বলেন, পূর্ব ইউরোপের দেশগুলোর সেনাবাহিনীকে ‘প্রশিক্ষণ’ দেয়ার জন্য এসব দেশের সমরাস্ত্র মোতায়েন করা হবে এবং এ কাজ এরইমধ্যে শুরু হয়ে গেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাশিয়ার সম্ভাব্য ‘হুমকি’ মোকাবিলার জন্য এ পদক্ষেপ খুবই ‘জরুরি’।
তিনি জানান, আমেরিকা গোয়েন্দা ও নজরদারি সামর্থ্য, বিশেষ অপারেশন বাহিনী, যাতায়াত বিমান ও দূরপাল্লার অস্ত্র দিয়ে ন্যাটোর দ্রুত পাল্টা হামলাকারী বাহিনীকে সহায়তা করবে।
ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়া ও আমেরিকার মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়ে গেছে। শীতল যুদ্ধ শেষ হওয়ার পর দু’দেশের সম্পর্ক বর্তমানে সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে বলে অনেকে মনে করছেন।
সিএনএন জানিয়েছে, মার্কিন সরকার এরইমধ্যে পরমাণু বোমা বহনকারী জঙ্গিবিমান বি-২ ও বি-৫২’সহ সেনা ও নৌবাহিনীর ভারী অস্ত্রসস্ত্র ইউরোপে পাঠিয়েছে। সেইসঙ্গে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর পূর্ব ইউরোপীয় সদস্য দেশগুলো সামরিক মহড়া ও প্রশিক্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ঘোষণা করেছেন, চলতি বছর তার দেশের পরমাণু অস্ত্র ভাণ্ডারে ৪০টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যোগ করা হবে।

