নিজস্ব প্রতিবেদক : উন্নমানের জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড অতিদ্রুত বিতরণ শুরু করার সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সিরাজুল ইসলাম বলেন, ‘স্মার্ট কার্ড প্রস্তুতের মেশিন বসানো না হলেও অন্য সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সুনির্দিষ্ট করে তারিখটা না জানাতে পারলেও দ্রুতই নাগরিকদের মধ্যে স্মার্ট কার্ড সরবরাহ করা হবে।’
এসময় গণপ্রতিনিত্ব আদেশ (আরপিও) সংশোধন বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটা আইন আছে, যেখানে সব নির্বাচনে প্রার্থীদের আয়কর টিন নম্বর দিতে বলা হয়েছে। এ আইনটি আরপিওতে সংযুক্ত করতে হবে। এছাড়াও যদি অন্য কোনো সংশোধনীর প্রয়োজন থাকে এ কারণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। তাদের প্রস্তাব চূড়ান্ত হওয়ার পর প্রয়োজন হলে রাজনৈতিক বা ইসির স্টেকহোল্ডোরদের সঙ্গেও সংলাপ হতে পারে।’

