অর্থনৈতিক প্রতিবেদক : নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অর্থায়নযোগ্য খাতে পুনঃঅর্থায়ন স্কিমের অধীনে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এলএফএমইএ) সদস্যভুক্ত শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দিতে দেশের কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারিকৃত সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, বিপিজিএমইএ এবং এলএফএমইএ-এর সদস্যভুক্ত শিল্প প্রতিষ্ঠান, যাদের নিজস্ব কারখানা রয়েছে তাদেরকেও কারখানার নিরাপদ কর্মপরিবেশ তথা অগ্নি নির্বাপক সামগ্রী, অগ্নি প্রতিরক্ষামূলক সামগ্রী, ছাদ এবং ভূগর্ভে প্রয়োজনীয় সংখ্যক পাম্পসহ পানি সংরক্ষণাগার নির্মাণসহ সংস্কার, পুনর্গঠন, প্রতিস্থাপন কাজের জন্য পুনঃঅর্থায়ন স্কিমে অন্তর্ভুক্ত করা হলো।

