নিজস্ব প্রতিবেদক
নিজের জীবন ঝুঁকিতে রেখেও সাংবাদিকরা মানুষের সার্বিক কল্যাণে নিবেদিত থাকে। সমাজের সমস্যাগুলো তারা নিপুণভাবে তুলে ধরেন তাতে করে এসব সমস্যা সমাধান করে সবাই এগিয়ে যায়। সাংবাদিকরা হলো সমাজের সবচেয়ে অগ্রসরমান ব্যক্তি। এসইউবি’র ৫ম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজনেজ ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ড. আশরাফুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।
সোমবার বেলা ১১ টায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) কলাবাগানের বিজয় ক্যাম্পাসে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫ম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইউবি’র বিজনেজ ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ড. আশরাফুল ইসলাম চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির ডিরেক্টর প্রফেসর আলী আহসান, পাবলিক রিলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অফিসার মুজতবা আহমেদ মোরশেদ, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এসিস্টেন্ড প্রফেসর সজীব সরকার, লেকচারার শেখ জিনাত শারমিন ও নুরে মকবুল। কো-কারিকোলার এক্টিভিটিজের এক্সিকিউটিভ আতিকুল ইসলাম।
ড. আশরাফুল ইসলাম চৌধুরী আরও বলেন, সাংবাদিকদের নতুন দিগন্ত বিজয়ে এগিয়ে যেতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে সাংবাদিকতা পেশায় একের পর এক দিগন্ত বিজয় করবে। মানুষের সার্বিক সমস্যা নিয়ে তারা কাজ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে আলী আহসান বলেন, নিজেকে উপস্থাপন করা শিখতে হবে। তুমি সমাজকে কী দিতে চাও তা তোমাকেই নির্ধারণ করতে হবে।
অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে ও কেক কেটে বরণ করা হয়। তা ছাড়া এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

