স্পোর্টস ডেস্ক
সফরকারী জিম্বাবুয়ে ‘এ’দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে দারুণ শুরু করেছে বাংলাদেশ ‘এ’দল। সোমবার দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিনের খেলায় কোনো উইকেট না হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেছে নাঈম ইসলামের দল। বৃষ্টির কারণে প্রথম দিনে মাত্র ২১.২ ওভার খেলা অনুষ্ঠিত হয়।
সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ফলে নিজেদের মাঠে প্রথমে ব্যাট করতে নামে নাঈম ইসলামের দল। আর শুরুটাও করে দারুণ। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার শাহারিয়ার নাফিসের সঙ্গে ব্যাটিংয়ে নামেন সাদমান ইসলাম। তরুণ এ ওপেনারকে নিয়ে ৮৮ রানের জুটি গড়ে এখনও অপরাজিত আছেন নাফিস।
দ্বিতীয় চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পাওয়া শাহারিয়ার নাফিস ৭৩ বল খেলে ৫৮ রানের ঝলমলে এক ইনিংস খেলে অপরাজিত আছেন। তার ইনিংসটিতে ৯টি চার ও একটি ওভার বাউন্ডারির মার রয়েছে। এছাড়া আর এক ওপেনার সাদমান ৬২ বলে ১৮ রান করে অপরাজিত আছেন। এর আগে কক্সবাজারে প্রথম চারদিনের ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ ‘এ’ দল।

