আন্তর্জাতিক ডেস্ক : উদ্ধার হওয়া অভিবাসীদের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে ইন্দোনেশিয়া। সোমবার আচেহ প্রদেশের লাঙ্গাসা শহরের মেয়র সেখানে অবস্থানরত দেড় হাজার অভিবাসীর জন্য যে বরাদ্দ রয়েছে তা অপ্রতুল বলে জানিয়েছেন।
গত সপ্তাহে ইন্দোনেশিয়ার উপকূলে একটি নৌকা থেকে ৭শ অভিবাসীকে উদ্ধার করা হয়। এরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান শরণার্থি ও বাংলাদেশের নাগরিক। মানবপাচারকারীরা তাদের মালেয়শিয়া নিয়ে যাওয়ার কথা বলেছিল। দুই মাস সমুদ্রে থাকার পর নৌকার মাঝি ও তার সহযোগিরা পালিয়ে যায়। নৌকাটি মালেয়শিয়া উপকূলে পৌছলে সেখান থেকে তাদের ফিরিয়ে দেয়া দেশটির নৌবাহিনী। খাদ্য ও পানিবিহীন অবস্থায় মারামারি নিজেদের মধ্যে মারামারি করার সময় নৌকাটি ডুবতে শুরু করে। পরে ইন্দোনেশিয়ার জেলেদের কাছে থেকে খবর পেয়ে কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে। তাদেরকে আচেহ প্রদেশের লাঙ্গাসায় চিকিৎসা দেয়া হচ্ছে।
লাঙ্গাসার মেয়র উসমান আব্দুল্লাহ বলেন, তাদের কাছে যে বাজেট বরাদ্দ আছে তা খুবই সীমিত। নগরীর অন্য খাতের বরাদ্দ অর্থ অভিবাসীদের জন্য ব্যয় করা হচ্ছে।
তিনি বলেন, ‘জাতীয় সরকার অথবা যে কোন প্রতিষ্ঠান থেকে আমাদের জরুরী সাহায্য প্রয়োজন। আমরা সাময়িকভাবে নগর বাজেট থেকে মানবিক সহায়তার জন্য অর্থ ব্যয় করছি। তবে বাস্তবে ত্রান কিংবা জরুরী সহায়তার জন্য আমাদের কোন বাজেট নেই। আমাদের অর্থের উৎস খুবই সীমিত।’

