অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে অত্যাধুনিক কানাডিয়ান প্রযুক্তি স্থানান্তরে কানাডা সম্মত হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
রোববার দুপরে শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনওয়া পিয়ের লাঘামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা জানান।
বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশে চমৎকার বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। সরকার বিদেশি বিনিয়োগের বিষয়ে উদার নীতি গ্রহণ করেছে। ফলে জাপান, কোরিয়া, চীন ও ভারত আমাদের কাছে বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা চেয়েছে। কানাডিয়ান উদ্যোক্তারা বিনিয়োগের আগ্রহ দেখালে বিষয়টি বিবেচনা করা হবে।’
আমির হোসেন আমু আরো বলেন, ‘বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ইউরোপের দেশগুলোতে জাহাজ রপ্তানি করেছে।’ জাহাজ নির্মাণখাতে, বাংলাদেশে সিরামিক, ওষুধ, চামড়াসহ সম্ভাবনাময় শিল্পখাতে বিনিয়োগে এগিয়ে আসতে তিনি কানাডিয়ান হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।
বৈঠকে কানাডিয়ান হাই কমিশনার জানান, কানাডায় শিল্প কারখানার শতকরা ৯০ ভাগ এসএমইখাতের আওতাভূক্ত। উচ্চ প্রযুক্তির ফলে এসএমইখাতে মূল্য সংযোজনের পরিমাণ অনেক বেশি। এসএমইখাতের কানাডিয়ান প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা লাভবান হতে পারে।
বাংলাদেশের জনবলের দক্ষতা, সৃজনশীল শক্তি ও কাজের প্রতি গভীর আগ্রহের প্রশংসা করেন তিনি।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কেএম হাবিব উল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস এবং বেগম আফরোজা খানসহ শিল্প মন্ত্রণালয় ও কানাডিয়ান দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা।

