নিজস্ব প্রতিবেদক : ‘উন্নত শিক্ষায় চাই তথ্য-প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস’ এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩১ মে থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব।
ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির আয়োজনে (ডিইউআইটিএস) এই অনুষ্ঠানে সহ-আয়োজক হিসেবে থাকছে আইসিটি মন্ত্রণালয়। দুই বছর ধারাবাহিকভাবে ‘ডিইউআইটিএস’ এ উৎসব পালন করে আসলেও গত বছর প্রথমবারের মতো তাদের সঙ্গে যুক্ত হয়েছে সরকারের তথ্য-প্রযুক্তি বিভাগ।
উৎসবে অংশ নেবেন দেশের শীর্ষস্থানীয় প্রায় শতাধিক বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষক-শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে ৩১ শে মে উৎসবের উদ্বোধন করা হবে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি সিনেট ভবন থেকে টিএসসি অভিমুখে যাত্রা করবে।
টিএসসি চত্বরে আয়োজিত উৎসবের মূল পর্বে থাকছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, অ্যাপস ডেভেলপমেন্ট, ব্রেইনস্ট্রোমিং, গেমিং ও কুইজ প্রতিযোগিতা। এছাড়া থাকছে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা, আউটসোর্সিং ও উদ্যোক্তা সম্মেলন, তথ্য-প্রযুক্তি নির্ভর বিতর্ক ও বিজনেস আইডিয়া প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
উৎসবে মিট দ্যা পার্সোনালিটি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে প্রায় তিন লাখ টাকা সমমূল্যের অর্থ পুরস্কার, সার্টিফিকেট এবং ক্রেস্ট।
প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন চলবে ২৮ মে পর্যন্ত। রেজিস্ট্রেশন ও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে www.duitsbd.org এই ঠিকানায়। এছাড়াও ডিইউআইটিএস এর ফেসবুক পেইজঃ www.fb.com/Dhaka.University.IT.Society.DUITS উৎসবের তথ্য মিলবে।

