নিজস্ব প্রতিবেদক : চুরি করে আবার টাকার বিনিময়ে তা ফেরত দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে দুই দালাল সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এ ঘটনা ঘটে।
আটক দুই দালাল সদস্যের নাম জাহাঙ্গীর ও জামাল। তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, ঢাবির এফ রহমান হলের শিক্ষার্থী নাজমুলের ফুফাতো ভাই সবুজ সৌদি আরব যাওয়ার জন্যে টিকেট করেছিলেন ‘ধ্রুব ট্রাভেলস এজেন্সী’ থেকে। সেখান থেকে তিনি কিছুদিন আগে টিকেট-পাসপোর্ট নিয়ে ফেরার পথে তার ব্যাগসহ সবকিছু ছিনতাই করে দালাল চক্রের সদস্যরা।
এর কিছুদিন পর তার সঙ্গে যোগাযোগ করে ২ লাখ টাকার বিনিময়ে তার সবকিছু ফেরত দেবে বলে জানানো হয়। সবুজ ১ লাখ ২০ হাজার টাকা দিতে পারবেন বলে জানান। সেই টাকা নিয়েই তাকে কার্জন হলে যেতে বলা হয়।
বৃহস্পতিবার বিকেলে সবুজ তার ভাই নাজমুল ও তার বন্ধুদের নিয়ে সেখানে যান। পরে সবাই মিলে ওই দুই সদস্যকে ধরে এফ রহমান হলে নিয়ে আসেন। এখানে তাদের উত্তম-মধ্যম দিয়ে ঢাবি প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই দুই সদস্য ঢাবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের কর্মচারী। দীর্ঘদিন ধরেই তারা এ ব্যবসার সঙ্গে জড়িত। ‘ধ্রুব ট্রাভেলস’ নামের ওই এজেন্সীর মাধ্যমে তারা এভাবেই মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে অনেকদিন ধরে।

