তথ্যপ্রযুক্তি ডেস্ক : কম্পিউটারে ছদ্মবেশী আত্মঘাতী এক ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করেছেন নিরাপত্তা গবেষকরা। এটির নাম রম্বারটিক। এটি এতই শক্তিশালী যে কোনো ধরণের অ্যান্টি ভাইরাস এটিকে শনাক্ত করতে পারে না। যদি ভাইরাসটি বুঝতে পারে যে তাকে শনাক্ত করণের চেষ্টা চলছে তবে উইন্ডোজ মাস্টারবুট ফাইল মুছে দেয়। ফলে কম্পিউটারের উইন্ডোজ ক্ষতিগ্রস্থ হয়।
নিরাপত্তা গবেষকরা জানিয়েছেন, রম্বারটিক ভাইরাসটি খুবই দুর্লভ। এটি কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়। বিশেষ করে কম্পিউটারে লগইন ডাটা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য নষ্ট করে রম্বারটিক।
সিসকোর নিরাপত্তা বিশ্লেষক বেন বেকার এবং অ্যালেক্স চিউ সম্প্রতি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ফিশিং মেজেসের বুবি ট্রাপ অ্যাটাচমেন্ট খুললেই রম্বারটেক ভাইরাস কম্পিউটারে চালু হয়। অনেক সময় এই ভাইরাস ব্যবসায়িক তদন্ত প্রতিবেদনের ছদ্মবেশও ধারণ করে।
ব্যবহারকারী রম্বারটেক ভাইরাসের উপস্থিতি টের পেলে এটি দ্রুতই সেটা বুঝে যায়। এরপর উইন্ডোজের বুট ফাইল ক্ষতিগ্রস্ত করে কম্পিউটারকে অকেজো করে দেয়। তখন উইন্ডোজ রিইনস্টল করা ছাড়া কোনো উপায় থাকে না।

