বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ নকল করে ছবি বানানো নতুন কিছু নয়। এমনও দেখা গেছে হবুহু ছবির দৃশ্য নকল করে ছবি বানানো হয়েছে। এ ধরনের অভিযোগ হরহামেশাই শোনা যায়। অভিযোগ ওঠার পরেও কমেনি নকলপ্রবনতা। এভাবে ছবির গল্প বা কাহিনী নকল করে একের পর এক ছবি বানালে ভবিষ্যতের কি হাল হবে? বাংলা চলচ্চিত্রের নিজস্ব স্বকীয়তা বজায় থাকবে কি? এ নিয়ে চলচ্চিত্র বোদ্ধাদের মনে জেগে রয়েছে হাজারও প্রশ্ন।
সাম্প্রতিক সময়ে ইফতেখার চৌধুরীর পরিচালনায় মুক্তি প্রতিক্ষিত ‘অ্যাকশন জেসমিন’ ছবিটির গল্পের সঙ্গে অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা অভিনীত বলিউডি ‘রাউডি রাঠোর’ ছবির গল্প ও ট্রেইলারের পুরোপুরি মিল পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। রাউড়ি রাঠোর ছবিটি ২০১২ সালে মুক্তি পায়। ‘অ্যাকশন জেসমিন’ ছবিটির ট্রেইলার ইউটিউবে প্রকাশের পর চারদিকে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
এতো গেলো ছবির গল্প ও ট্রেইলার নকল করে ছবি বানানোর কাহিনী। অপরদিকে এখন আবার ‘অ্যাকশন জেসমিন’ ছবির পোস্টার নকলের অভিযোগ উঠেছে। অ্যাকশন জেসমিন ছবির পোস্টার ও বলিউডের ‘মি.জো বি.কারভালো’ ছবির পোস্টারে হুবুহু মিল পাওয়া গেছে। সোহা আলী খান ও আরশাদ ওয়ার্সি অভিনীত ছবিটি ২০১৪ সালে ভারতে মুক্তি পায়। এ বিষয়ে পরিচালক ইফতেখার চৌধুরির সঙ্গে ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করে হলেও তাকে পাওয়া যায়নি। তবে একটি সূত্র জানিয়েছেন, তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
ছবির পোস্টার নকলের ব্যাপরে ‘অ্যাকশন জেসমিন’ ছবির নায়িকা ববির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এভাবে একটি ছবির বিভিন্ন বিষয় যদি খুটে খুটে ধরা হয় তাহলে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কি হবে? এমনিতেই আমাদের ফিল্মের অবস্থা খারাপ।’ উদাহরন হিসেবে তিনি হলিউডের বিখ্যাত ‘টাইটানিক’ ছবির উদাহরন দিয়ে বলেন, ‘এ ছবির বিভিন্ন বিষয় খুঁজলে একশরও বেশী ভুল ধরা যাবে। অ্যাকশন জেসমিন ছবিতে ভালো কিছু খবর রয়েছে দর্শকদের জন্যে। নকলের বিষয়টি নিয়ে সমস্যা হত, যদি নকলটা আমাদের সংস্কতি উপর প্রভাব ফেলতো।’
এবারই প্রথমবারের মতো অ্যাকশন ধর্মী একটি চলচ্চিত্রে অভিনয় করছেন নায়িকা ববি। পিংকি চলচ্চিত্রের প্রযোজনায় ছবিটির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। ছবিটিতে ববি, সাইমন সাদিক ছাড়াও মিশা সওদাগর, মিজু আহমেদ, কাবিলাসহ আরও অনেকে অভিনয় করেছেন।

