বিনোদন ডেস্ক : গত জানুয়ারি মাসে প্রকাশিত হয় কণ্ঠশিল্পী সাবার একক অ্যালবাম ‘অনলি সাবা-২’। এই অ্যালবামের একটি গানের শিরোনাম ‘জলের উঠোন’ যার কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ এবং সুর করেছেন নাজির মাহমুদ। সম্প্রতি এই গানের হুবহু সুরে নতুন একটি গান করা হয়েছে বলে কাছে অভিযোগ করেন সাবা। নতুন গানটির গীতিকারও দেলোয়ার আরজুদা শরফ এবং সুর নাজির মাহমুদের। গানটি মুক্তা সারয়ার নামের একজন শিল্পীকে দিয়ে গাওয়ানো হয়েছে বলে জানান সাবা।
এই বিষয়টি নিয়ে গানটির সুরকার নাজির মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই পুরো বিষয়টি নিয়ে আমি কিছু বলতে পারবো না। গানের গীতিকার দেলোয়ার ভাই আমাকে এই কাজটি করতে বলেন। নতুন একটি সুর করা আমার জন্য খুব বেশি সময়ের না। কিন্তু এক্ষেত্রে আমার করার কিছু ছিল না। আমি আসলে পরিস্থিতির শিকার। আমিও এই বিষয়টির তীব্র নিন্দা জানাই। বিষয়টি নিয়ে আপনি দেলোয়ার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। উনিই ভালো বলতে পারবে কেন এমন করা হয়েছে।’
অন্যদিকে গীতিকার দেলোয়ার আরজুদা শরফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আসলে দুটি গান যেহেতু আমারই লেখা তাই দুটি গানই আমার সন্তানের মতো। গানের কথা এবং সংগীতায়োজন ভিন্ন। সুর অনেকসময় একরকম হয়ে যেতেই পারে।’
মুক্তা সারয়ারকে দিয়ে গাওয়ানো গান এখনও প্রকাশিত হয়নি। সাবা জানান এই গানটি যদি আর প্রকাশ করা না হয় তবে তিনি কোন ধরণের ব্যবস্থা নেবেন না। তবে যদি প্রকাশিত হয় তবে তিনি এর বিপক্ষে যথাযথ ব্যবস্হা গ্রহণ করবেন। বিষয়টি নিয়ে দেলোয়ার আরজুদা শরফের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আমরা দেখি কি করা যায়। প্রয়োজন হলে নতুন গানটি আমরা প্রকাশ করবো না। এখন আমি লং ড্রাইভে আছি। বৃষ্টি হচ্ছে। এই বিষয়ে আমি আগামীকাল কথা বলবো।’

