বিনোদন ডেস্ক : সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয়েছে কন্ঠশিল্পী জান্নাত পুষ্পের ২য় একক অ্যালবাম ‘জান্নাত’। গত ৫ মে রাজধানীর একটি অভিজাত রেস্তোরায় এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। ২০০৮ সালে প্রকাশিত হয়েছে জান্নাত পুষ্পের প্রথম একক অডিও অ্যালবাম ‘বুক ভরা ভালোবাসা’।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম ভুইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভুইয়া, জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের লাবু রহমান, কন্ঠশিল্পী দিলরুবা খান, এস আই টুটুল, সন্দিপন, সোয়েব অর্নব, মনির খান, রবি চৌধুরী সহ এই প্রজন্মের সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, গীতিকবি সহ সিডি চয়েসের কর্নধার শেখ সুমন এমদাদ।
অ্যালবামে মোট ৮টি গান রয়েছে। গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন, ওমর ফারুক, প্লাবন, রনি মামুন এবং রাজেশ। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন – ইমরান, রাজেশ, জামাল হাসান এবং দেবা। দ্বৈতগানে পুষ্প জান্নাতের সাথে কন্ঠ দিয়েছেন ইমরান এবং এ আই রাজু।
অ্যালবাম নিয়ে পুষ্প জান্নাত বলেন, ‘২০০৮ থেকে ২০১৫- প্রায় সাত বছর বিরতি দিয়ে আমি আমার ২য় একক অ্যালবাম প্রকাশ করছি। অনেক ভেবে চিন্তে সময়োপোযোগী গান দিয়ে আমার এই অ্যালবামটি করেছি। যার কারনেই এই দীর্ঘ বিরতি। আমি অনেক আশাবাদী। কেননা অনেক সময় নিয়ে যত্ন করে অ্যালবামটি করেছি। আশাকরি শ্রোতাদেরও ভালো লাগবে।’
ছোট বেলা থেকেই গানের সাথে সক্ষতা তার। দুই বছর গান শিখেছেন ওস্তাদ মমতাজ আলী খান সঙ্গীত একাডেমিতে। আর নিয়মিত গানের তালিম নিচ্ছেন ওস্তাদ মেহেদী হাসানের ছাত্র জামাল হাসানের কাছে।

