বিনোদন ডেস্ক : একটি নয়, দুইটি নয়- তিনটি চড় খেলেন বিদ্যা বালান। উপস্থিত সবাই হতবাক, কি করে সহ্য করলেন তিনি? এমনকি চড় খেয়েও নির্লিপ্ত এই বলিউড অভিনেত্রী।
‘হামারি আধুরি কাহানি’ ছবির শুটিংয়ে দৃশ্যের প্রয়োজনে সহশিল্পী রাজকুমার রাও বিদ্যাকে চড় মারবেন- এমনই কথা ছিল। তবে তিনি যে সত্যি সত্যি চড় মেরে বসবেন বিদ্যার গালে, তা বোঝেননি উপস্থিত কেউ। ছবিটি পারিবারিক নির্যাতনের গল্প নিয়ে তৈরি।
প্রত্যক্ষদর্শী জানান, চিত্রনাট্যের প্রয়োজনে রাজকুমার চড় মেরেছেন। তবে দর্শকের বিশ্বাসযোগ্যতা বাড়াতেই তিনি সত্যিই বিদ্যাকে আঘাত করেন। তাও আবার একবার নয়, রিটেক করার জন্য পর পর তিনবার চড় খেতে হয়েছে বিদ্যাকে।
পরিচালক মোহিত সুরি নিজেও জানিয়েছেন, পূর্বপরিকল্পনা ছাড়াই এমন কাজে হতভম্ব হয়ে গিয়েছিলেন সকলে। ‘প্রথমবার যখন বিদ্যাকে সত্যিই চড় দিয়েছেন রাজকুমার, আমি চমকে গিয়ে চেয়ার থেকে উঠে দাড়িয়েছিলাম। ভেবেছিলাম, দৃশ্যটি কাট করে দেবো। কিন্তু বিদ্যা অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। তাই কন্টিনিউ করা হয়।’- বললেন তিনি।
বিদ্যার এই পেশাগত মনোভাবে উচ্ছসিত সকলে। রাজকুমার রাও জানিয়েছেন, বিশ্বাসযোগ্যতার জন্য বিদ্যাই তাকে আঘাত করতে বলেছেন। ছবিটি আগামী ১২ জুন মুক্তি পাচ্ছে।

