বিনোদন ডেস্ক : রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে ‘মাল্যদান’ নাটকে অভিনয় করেছেন মৌ। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে অঞ্জন আইচের নাট্যরূপ ও পরিচালনায় এ নাটকটি আগামী ৮ মে এটিএন বাংলায় প্রচারিত হবে।
নিঃসন্তান এক রমনী এবং তার পালিত কন্যা কুড়ানীকে নিয়েই গড়ে উঠেছে ‘মাল্যদান’ নাটকের গল্প। নাটকে পটল চরিত্রে অভিনয় করবেন মৌ। কুড়ানীর ভূমিকায় সামিহা এবং যতীন চরিত্রে দেখা যাবে শ্যামল মাওলাকে।
নিঃসন্তান পটল কুড়ানীকে পেয়ে ভুলে যায় অন্যসবকিছু। একদিন পটলের বাড়ি বেড়াতে আসে তার ভাই যতীন। ভাইকে বিয়ে করানোর জন্য পটলের তোড়জোড় শুরু হয়ে যায়। হঠাৎ কুড়ানীকে ফুলের মালা দিয়ে যতীনের ঘরে পাঠিয়ে দেয় পটল। তার দুষ্টুমি বোঝে না কুড়ানী, স্বামী ভেবেই যতীনকে মালা দেয় সে। যতীনের কথায় ভুল ভাঙলে বাড়ী ছেড়ে চলে যায় কুড়ানী। তাকে হারিয়ে পটলের নাওয়া খাওয়া বন্ধ। এদিকে যতীন জানতে পারে, প্লেগ রোগে আক্রান্ত হয়ে একজন নতুন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে- যার নাম কুড়ানী। এভাবেই এগিয়ে যায় রবীন্দ্রনাথের ‘মাল্যদান’ গল্পটি।
নাটকটি প্রায় ৬ মাস আগে নির্মাণ করা হয়েছে বলে জানান পরিচালক। নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিটি চরিত্রের প্রয়োজনেই অভিনয়শিল্পী নির্ধারন করা হয়েছে। মৌ অনেক গুনী, গ্ল্যামারাস। এ চরিত্রে তার বিকল্প ভাবতে পারিনি।’

