নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের বিরুদ্ধে ‘ভূঁইফোড়’ সংগঠনের নামে অপপ্রচার ও ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘অনৈতিক ও অবৈধ দাবি আদায় করতে না পারায় মুক্তিযোদ্ধা সংরক্ষণ অধিকার নামে একটি ভূঁইফোড়’ সংগঠন উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। উপাচার্য এসব অযৌক্তিক দাবী-দাওয়া ও অবৈধ সুযোগ-সুবিধা না দেওয়ায় এখন মিথ্যা ও কুৎসা রটনায় লিপ্ত হয়েছেন তারা। এটি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। ’
‘ভূয়া’ মুক্তিযোদ্ধার বিষয়ে এতে বলা হয়, ‘ভূয়া মুক্তিযোদ্ধা নিয়ে সংবাদ সম্মেলনে যে বক্তব্য প্রদান করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ সরকার গেজেট প্রকাশের মাধ্যমে উপাচার্যি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাই একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে এ ধরণের অপপ্রচার গ্রহণযোগ্য নয়। আর এ ব্যাপারে কোন প্রশ্ন তোলার এখতেয়ার ওসব ব্যক্তির নেই। ’
বিবৃতিতে আরো বলা হয়, ‘বিগত প্রায় ৪ বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ১৯৭৩ সমুন্নত রেখে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। যা দেশে-বিদেশে এবং সুধীমহলে প্রশংসিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুনাম ও সুখ্যাতির প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে কিছু ব্যক্তিবর্গ নিজেদের স্বার্থ চরিতার্থ করতে না পেরে প্রথমদিক থেকেই নানারকম কুৎসা রটনা এবং নেতিবাচক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এতে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে।’
প্রসঙ্গত সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের বিরুদ্ধে ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করে ‘চট্টগ্রাম মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ’ নামে একটি সংগঠন।

