রংপুর প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তি পরীক্ষার প্রক্সি দিতে এসে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ছাত্রের নাম হাবিবুর রহমান হাবিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।
বেরোবির গণসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বিকেল সাড়ে ৩ টায় শুরু হয় ডি ইউনিটের পরীক্ষা। এ সময় বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মাহফুজ ইসলাম নামের এক ছাত্রের পক্ষে ভর্তি পরীক্ষার্থীর প্রক্সি দিচ্ছিলেন ঢাবি ছাত্র হাবিবুর রহমান। বিষয়টি জানাজানি হলে ভ্রাম্যমাণ আদালত তাকে পরীক্ষা কেন্দ্র থেকে সত্য ও প্রমাণের ভিত্তিতে আটক করেন।
পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

