নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর কাছ থেকে হুমকি দিয়ে ৫০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন শাহবাগ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শ্যামল দত্ত। তাকে আটক করে শিক্ষার্থীরা প্রক্টরের সহযোগিতায় শাহবাগ থানায় হস্তান্তর করে। পরে শাহবাগ থানা থেকে তাকে প্রত্যাহার করে ডিসি অফিসে প্রেরণ করা হয়েছে।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে। ঘটনার শিকার ঐ শিক্ষার্থীর নাম রিয়াদ। সে ঢাবির ব্যাবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সূত্রে জানা যায়, রিয়াদ শনিবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে তার বান্ধবীসহ আড্ডা দিচ্ছিলেন। এসময় সেখানকার টহলরত পুলিশের এএসআই শ্যামল দত্ত তাকে নানান প্রশ্ন করেন। একপর্যায়ে তিনি রিয়াদের মোবাইল নিয়ে নেন। পরে তিনি মোবাইলের সিম খুলে তার নাম্বার নিয়ে সিম ফেরত দেন। গত রোববার দিনের বেলায় বেশ কয়েকবার তাকে ফোন দিয়ে ৫০ হাজার টাকা দাবী করে এবং তা পরিশোধে তাকে চাপ দেয়। অন্যথায় তার বিরুদ্ধে মামলা করা হবে বলে হুমকি দেয়। পরে ওই শিক্ষার্থী রাজী হয়ে শ্যামল দত্তকে টিএসসিতে আসতে বলে। এসময় তিনি আসলে হলের অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে ধরে প্রক্টরের কাছে সোপর্দ করে তারা।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘আমি খবর পেয়ে তাৎক্ষনিকভাবে তাকে থানা থেকে প্রত্যাহার করেছি। পরে তাকে ডিসি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমি তার বিষয়ে রিপোর্ট দিয়েছি। বাকি ব্যবস্থা ডিসি অফিস নেবে।’

