ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৩ বছরের পদোন্নতি জট খুলছে কারিগরিতে

Link Copied!

technicalনিজস্ব প্রতিবেদক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিসিএস (টেকনিক্যাল) ক্যাডার এবং নন-ক্যাডার অফিসার ও শিক্ষকদের অভিন্ন গ্রেড তালিকার জট খুলতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই ৪৭৭ জন ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তার গ্রেডেশন তালিকা অনুমোদন করেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
এর ফলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন বিসিএস (টেকনিক্যাল) ক্যাডার এবং নন-ক্যাডার অফিসার ও শিক্ষকরা এখন থেকে অভিন্ন গ্রেডে পদোন্নতি পাবেন। এতে তাদের পদোন্নতি নিয়ে সৃষ্ট গত ৩৩ বছরের জটিলতার অবসান ঘটবে।
এ প্রসঙ্গে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘কারিগরি শিক্ষা অধিদপ্তরের ক্যাডার এবং নন-ক্যাডার কর্মকর্তা ও শিক্ষকদের পদোন্নতি বিষয়টি দীর্ঘ দিনের। এ জটিলতা অবসান এবং শিক্ষা অধিদপ্তরের অধীনে কর্মরত ক্যাডার, নন-ক্যাডার ও শিক্ষকদের পদোন্নতি দিতে একটি অভিন্ন গ্রেডেশন তালিকা তৈরি করতে উদ্যোগ নেয়া হয়েছে। অভিন্ন গ্রেডেশনের ফলে ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা এবং শিক্ষকদের পদোন্নতির দীর্ঘ দিনের দাবি পূরণের পথ সুগম হলো।’
তিনি জানান, গ্রেডেশন তালিকা অনুযায়ী ইতোমধ্যেই ৫৩ জন ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তা এবং শিক্ষকের পদোন্নতি দেয়া হয়েছে। বাকিদের পদোন্নতির বিষয়টি প্রক্রিয়াধীন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ইতোমধ্যেই ৪৭৭ জন বিসিএস (টেকনিক্যাল) ক্যাডার এবং নন-ক্যাডার কর্মকর্তা ও শিক্ষকদের গ্রেডেশন তালিকা প্রস্তুত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই ৪৭৭ জনের মধ্যে ১১১ জন প্রধান প্রশিক্ষক, সহকারি অধ্যাপক, সহযোগি অধ্যাপক, অধ্যক্ষ, অধ্যাপক, ৩৩৩ জন ইনস্ট্রাক্টর ও ওয়ার্কশপ সুপারিনটেনডেন্ট এবং প্রশিক্ষক ও প্রধান প্রশিক্ষক, পদমর্যাদার ৩৩ জন নন-ক্যাডার রয়েছে।
গত ২৭ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই সূত্রটি জানায়।
শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ওই বৈঠকে আরো উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব শাহজাহান মিঞাঁ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবরা।
বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের এমন একজন জেষ্ঠ্য কর্মকর্তা বলেন, ‘কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ৩৩ বছরের বিরোধ অবসানের জন্য প্রাথমিকভাবে ৩৫ জন ক্যাডার (টেকনিক্যাল) কর্মকর্তা এবং ১৮ জন নন-ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়। পদোন্নতিপ্রাপ্ত এই ৩৫ জন ক্যাডার কর্মকর্তার মধ্যে অধ্যক্ষ রয়েছে ৬ জন, উপাধ্যক্ষ রয়েছেন ৬ জন এবং বাকি ২৩ জন প্রধান প্রশিক্ষক। এই ৩৫ জনের মধ্যে নন-ক্যাডার কর্মকর্তা রয়েছেন ১৮ জন।’