মানিকগঞ্জ প্রতিনিধি
নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে আন্দোলনরত জনতার ওপর পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পৌর নাগরিক সমাজের পক্ষ থেকে এ হরতাল ডাকা হয়।
নাগরিক সমাজের প্রতিনিধি আজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক লোকজন। এ ঘটনার প্রতিবাদেই হরতাল আহ্বান করা হয়েছে।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে পৌর মেয়র রমজান আলীর নেতৃত্বে গ্যাসের দাবিতে আন্দোলনরত জনগণ তিতাস গ্যাসের মানিকগঞ্জ কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশে মিছিল বের করে। মিছিলটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও শতাধিক রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে। এতে মেয়র রজমান আলী গুলিবিদ্ধ হয়ে আহত হন। এছাড়া সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় চলে এ সংঘর্ষ।
আহতদের মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে মেয়র রমজান আলী ঘোষণা দেন, মানিকগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা না হলে আগামী মাস থেকে মানিকগঞ্জের কোনো গ্রাহক গ্যাসের বিল দেবে না। এ সময় তিনি ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শহর অচল করার হুমকি দেন।


