তথ্যপ্রযুক্তি ডেস্ক : নেপালে ২৫ এপ্রিল শনিবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ৫ হাজারেরও বেশি মানুষের প্রাণহানী ঘটে। ধ্বংস স্তুপের নিচে চাপা পরে আছে হাজারো মানুষ। দূর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কাজের জন্য স্যাটেলাইট সহায়তা দিয়েছে চীন।
শনিবার ভূমিকম্পের পরপরই কাও ফেন-১, কাও ফেন-২, রিসোর্স-১ ও প্রাকটিস-৯ সহ চীনের বেশ কয়েকটি স্যাটেলাইট উদ্ধার ও ত্রাণ কাজে অংশ নেয়।
চীনা জনগণ ও সরকার শক্তভাবে নেপালের পাশে রয়েছে এবং সব প্রচেষ্টা চালিয়ে দেশটিকে সহায়তা করছে।
এসব স্যাটেলাইট ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধারকারী দলের রুটম্যাপ তৈরির কাজে লাগানো হয়েছে। এছাড়া, স্যাটেলাইটের সহায়তায় আকাশ থেকে ক্ষতিগ্রস্থ এলাকা নিরুপনেরও চেষ্টা চলছে।

