নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে সেন্টার ফর দ্যা রিহ্যাবিলাইটেশন অব দ্যা প্যারালাইজডের (সিআরপি) একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং সিআরপির পক্ষে নির্বাহী পরিচালক শফিক উল ইসলাম চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি অধ্যাপক ডা. আবদুর রহমান, বিভাগীয় শিক্ষক ড. তাজউদ্দিন শিকদার, সাখাওয়াত হোসেন, সিআরপির শিক্ষা বিভাগের অধ্যক্ষ অধ্যাপক এম এ কাদের, সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন, সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সঙ্গে সিআরপির শিক্ষক ও শিক্ষার্থীগণ দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।

