ঢাকাWednesday , 29 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবির বাসে হামলা, শিক্ষার্থীদের অবরোধ

Link Copied!

RUরাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি বাসে পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় অবরোধ করে রাখলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান, বুধবার সকাল ৮টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে নগরীর বানেশ্বর বাজারের দিকে যায়। বাসটি ফেরার পথে নাটোর থেকে রাজশাহীগামী দ্রুতগতির একটি ট্রাক বাসটিকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আরো একটি বাস যাওয়ার সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাবির বাসকে ধাক্কা দেয়।
পরে শিক্ষার্থীরা ট্রাকটি থামিয়ে ড্রাইভার ও হেলপারের প্রতি ক্ষোভ প্রকাশ করে। এরপর আবার বাস ও ট্রাকটি রাজশাহীর দিকে যাত্রা করে।
রাবির বাসটি বানেশ্বর থেকে কাটাখালি এলাকায় এলে এ ঘটনার জের ধরে স্থানীয় শ্রমিকরা বাসের গতিরোধ করে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।  এসময় তারা কয়েকজন শিক্ষার্থীকে বাস থেকে নামিয়ে মারধর করে।
এর প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এসময় ঢাকা-রাজশাহী মহাসড়ক আধাঘণ্টা ধরে অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান এসে শিক্ষার্থীদের শান্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর সায়েদুজ্জামান এ প্রসঙ্গে বলেন, ‘হামলায় বাসের সামনের কাঁচ পুরোপুরি ভেঙে গেছে। এছাড়া কয়েকটি জানালার কাঁচেও চিড় ধরেছে।’
এ প্রসঙ্গে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ‘ওভারটেক করা নিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি বাসের ওপর স্থানীয়রা হামলা চালিয়েছে বলে শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’