বিনোদন ডেস্ক : রেখা-অমিতাভের যুগ শেষ। বর্তমান বলিউড অনেক বেশি প্রোফেশনাল। আর তাই প্রেম থাকে প্রেমের জায়গায়, কাজের ক্ষেত্রে সবাই হয় সহকর্মী। প্রাক্তন প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে নতুন করে প্রেমটা ঝালিয়ে নেওয়ার সুযোগ হয় রূপালী পর্দায়। রণবীর-দীপিকার পরে শাহিদ-কারিনাও পিছপা হননি এই পেশাগত মনোভাব প্রদর্শনে। তবে এবার একসঙ্গে পর্দায় দেখা দেবেন কারিনার কাপুরের প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুর এবং বর্তমান স্বামী সাঈফ আলী খান।
পরিচালক বিশাল ভারদ্বাজ পরবর্তী ছবিতে একসঙ্গে অভিনয় করতে চলেছেন বলিউডের এই দু’জন সুপারস্টার।
শোনা যাচ্ছে, ‘হ্যামলেট’-এর পর এবার শেক্সপিয়ারের আরও একটি বিয়োগান্ত গল্প ‘কিং লেয়ার’ অবলম্বনে ছবি তৈরি করতে চলেছেন বিশাল। আর ‘হায়দার’ ছবির বিশাল সাফল্যের পর এই ছবিতেও শাহিদকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর সেই সঙ্গে বেছে নিয়েছেন ছোট নবাবকে। শাহিদ নাকি রাজি হয়েছেন প্রস্তাবের প্রায় সঙ্গে সঙ্গেই। কিন্তু চিন্তা ছিল সাঈফকে নিয়ে। তবে স্ত্রীর প্রাক্তন প্রেমিকের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাঈফ আলী বলেন, ‘হ্যাঁ আমি বিশালের পরবর্তী ছবিতে কাজ করছি। গল্পের স্ক্রিপ্ট পড়েছি, আমার বেশ ভালো লেগেছে। কিন্তু আমার মনে হয় না এটা ‘কিং লেয়ার’ এর অনুকরণ।’ এছড়াও এবছর পরিচালক সূজয় ঘোষ ও বিক্রমাদিত্যের ছবিতে অভিনয় করবেন পতৌদির ছোট নবাব।

