পাঞ্জেরী ডেস্ক
আল কায়েদার উত্তর আফ্রিকা শাখা থেকে প্রশিক্ষিত যোদ্ধাদের একটি বড় অংশ দলত্যাগ করে ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। বিচ্ছিন্ন দলটি নিজেদের নাম দিয়েছে ‘আলজেরীয় খিলাফত সৈনিক।’ শিগগিরই সিরিয়া ও ইরাকে ‘খিলাফত’ প্রতিষ্ঠাকারী সাবেক আইসিসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে তারা।
রোববার আল কায়েদার ইসলামিক মাগরেব বা আকিম শাখার আঞ্চলিক প্রধান গোরি আব্দেল মালেক এক প্রজ্ঞাপন প্রকাশ করেন। প্রজ্ঞাপনে বলা হয়, আল কায়েদা ইসলামের মূল পথ থেকে ক্রমশ সরে পড়ছে। যে কারণে তিনি দলত্যাগ করতে চান।
সোমবার গোরি আব্দেল মালেক ওরফে খালেদ আবু সোলায়মানি তার অনুগামীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে আল কায়েদার আকিম গ্রুপের অন্তর্ভুক্ত আলজেরিয়া শাখা পরিত্যাগ করেন। তিনি নবগঠিত দলের প্রধান হিসেবে বিবেচিত হচ্ছেন। বিচ্ছিন্ন হওয়ার পর তিনি আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে উদ্দেশ্য করে বিবৃতি প্রদান করেছেন।
আইএস প্রতিষ্ঠিত ‘খিলাফতের’ স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদিকে উদ্দেশ্য করে সুলায়মানি বলেন, ‘ইসলামিকমাগরেবের দলটি আপনার দৃষ্টি আকর্ষণ করছে। আপনি যদি নির্দেশ প্রদান করেন, তবে তারা তা পালন করবে।’
উল্লেখ্য, আল কায়েদার আকিম গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে আসা ‘আলজেরীয় খিলাফত সৈনিক’ দলটি ইসলামিক স্টেটের সঙ্গে যোগ দেয়া দ্বিতীয় দল। ইতোপূর্বে আকিমভুক্ত অপর এক আলজেরীয় ‘জিহাদী’ মোখতার বেল মোখতার তার অনুসারীদের নিয়ে আল কায়েদা ত্যাগ করে আইএস-এর আনুগত্য প্রকাশ করেছে।
আলজেরীয় প্রশাসন এ ব্যাপারে তাৎক্ষণিক কোন মম্তব্য করেনি। তবে আলজেরীয় কূটনীতি ও নিরাপত্তা বিশ্লেষক আনিস রাহমানি নবগঠিত দল সম্পর্কে সংক্ষিপ্ত মন্তব্য করেন। তিনি বলেন, ‘নতুন দলটি কিছুটা হৈ চৈ করবে মাত্র, বড় ধরনের কোন সন্ত্রাস ছড়ানো তাদের পক্ষে সম্ভব হবে না। কারণ আলজেরীয় নিরাপত্তারক্ষীরা খুবই তৎপর এবং তাদের কাছে অত্র অঞ্চলের খোদ আকিম গ্রুপ রীতিমতো কোনঠাসা।’

