পাঞ্জেরী ডেস্ক
লিবীয় নৌবাহিনীর সূত্রে জানা গেছে, ২৫০ জন যাত্রী নিয়ে লিবিয়া উপকূলের কাছে এক নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং প্রায় দুই শতাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নৌকাটি লিবিয়া থেকে ইউরোপের দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
উপকূলবর্তী শহর তাজোয়ার সীমান্তবর্তী অঞ্চলে এ জলডুবির ঘটনা ঘটেছে। বিপুল সংখ্যক যাত্রীর মধ্য হতে মাত্র ২৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা আয়ুব কাশেম বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।
তিনি আরও বলেন, শত শত লাশ সমুদ্রের বুকে ভাসছে। কোস্ট গার্ডদের দুর্বলতার কথা স্বীকার করেন তিনি। উপকূলে উদ্ধার তৎপরতার জন্যে পর্যাপ্ত উপকরণ তাদের কাছে মজুদ নেই। যে কারণে ডুবন্ত যাত্রীদের অনেককে বাঁচানো সম্ভব হয়নি।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, লিবিয়া থেকে প্রতি বছর সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে এ বিষয়ক এক প্রতিবেদন প্রকাশ করে ইতালীয় প্রশাসন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী শুধুমাত্র ২০১৪ সালে প্রায় ১ লাখ লিবীয় ইতালিতে অবৈধ অভিবাসী হয়েছেন।
এবং শুধুমাত্র অবৈধ অভিবাসনকে ঘিরেই লিবিয়ার সঙ্গে অপরাপর ইউরোপীয় দেশের কূটনৈতিক সম্পর্ক ঘোলাটে হয়ে উঠছে এবং আভ্যন্তরীণ রাজনীতিতেও তার প্রভাব পড়ছে।
আয়ুব কাশেমের তথ্য অনুযায়ী নৌকার অধিবাসীদের অধিকাংশই আফ্রিকীয় বংশোদ্ভূত। অভিযাত্রীদের বাঁচানোর পথে প্রধান অন্তরায় ছিল তেল মন্ত্রণালয় থেকে ধার করে আনা পুরনো মাছ ধরা নৌকো। চলতি বছরের অগাস্টে মাসেও একই রকম অপর এক নৌডুবিতে প্রায় ১০০ আফ্রিকীয় বংশোদ্ভূত লিবীয় নাগরিক নিহত হন।

