খাগড়াছড়ি প্রতিনিধি : স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় চলছে ‘নাট্যযুদ্ধ’ প্রতিযোগীতার দ্বিতীয় রাউন্ড। এতে আজ শনিবার প্রদর্শীত হবে খাগড়াছড়ি জেলা নাট্যদলের নাটক ‘বৃক্ষবাসী’। প্রথম রাউন্ডে চট্টগ্রাম বিভাগের সকল জেলাকে পিছনে ফেলে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি জেলা নাট্যদল।
‘বৃক্ষবাসী’ নাটকে খাগড়াছড়ি জেলার একঝাঁক তরুণ-তরুণী অভিনয় করেছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার ঐতিহ্য, সংস্কৃতি এবং জীবনধারার চিত্র ফুটে উঠেছে নাটটিতে। এতে প্রাকৃতিক সম্পদকে বিনষ্ট করতে চাওয়া একটি গোষ্ঠীকেও উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ির বিভিন্ন দর্শনীয় স্থানের চিত্রও দেখা যাবে।
পরিচালক মর্তুজা পলাশ বলেন, ‘বৃক্ষবাসী নাটকটির প্রধান চরিত্র মং মারমা। সে একজন নিরীহ জুম চাষী পরিবারের ছেলে। প্রকৃতির দানে তার পূর্ব পুরুষরা জুমে চাষ করে জীবন নির্বাহ করত। কিন্তু হঠাৎ করে মানবসৃষ্ট দূর্যোগে সে তার পরিবার পরিজনকে হারিয়ে বৃক্ষে বসবাস শুরু করে। তার কাছে বটবৃক্ষটি ছিল পরিবার পরিজনের স্মৃতিবিজড়িত একমাত্র সম্বল। নিজের জীবন বাজি রেখে সে বৃক্ষটিকে রক্ষা করার চেষ্টা করে। বৃক্ষটিকে রক্ষা করতে গিয়ে তাকে নিজের জীবন দিতে হয়।’
উল্লেখ্য, মর্তুজা পলাশের রচনা ও পরিচঅরনায় ‘বৃক্ষবাসী’ নাটকটি আজ শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।

