বিনোদন ডেস্ক : ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে ‘সন্ত্রাস রুখে দাও নৃত্যের ছন্দে’ শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা যৌথভাবে আয়োজন করেছে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।
২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল চলবে এ উৎসব। ২৩ এপ্রিল বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা মনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু, আমানুল হক, গোলাম মোস্তফা খান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক, সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একাডেমির চারুকলা প্রাঙ্গণে বাংলাদেশের প্রবীণ নৃত্যশিল্পীদের অংশগহণে মুন্নি সালমার পরিচালনায় শিল্পী রাহিজা খানম ঝুনু, সেলিনা হক, ফাতেমা কাশেম নৃত্য পরিবেশন করেন। এর পরে নৃত্য পরিবেশন করে ওয়ার্দা রিহাব এর পরিচালনায় ধৃতি নর্তনালয় ও লিমা আহমেদ এর পরিচালনায় ভঙ্গিমা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় মেলার পাশাপাশি সপ্তাহব্যাপী আয়োজনের প্রথম সন্ধ্যায় শুরুতেই সুরাইয়া বেগমের পরিচালনায় প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহনে সুইট বাংলাদেশ, লায়লা হাসান এর পরিচালনায় নটরাজ, বুলবুল ললিতকলা একাডেমি, লতা মন্ডলের পরিচালনায় নৃত্য নন্দন, সাজু আহমেদ এর পরিচালনায় কত্থক নৃত্য সম্প্রদায়, বেনজীর সালাম এর পরিচালনায় নৃত্যছন্দ, দীপা খন্দকারের পরিচালনায় দিব্য, বিপুল শর্মা এর পরিচালনায় সিলেট, আইরীন পারভীন এর পরিচালনায় ঝংকার, গোলাম মোস্তফা খান এর পরিচালনায় বেনুকা ললিত কলা একাডেমী, জিনিয়ার পরিচালনায় জিনিয়া একাডেমি এবং ফারহানা চৌধুরী বেবী এর পরিচালনায় নৃত্য পরিবেশন করে বাংলাদেশ একাডেমি।

