প্রত্যাশা প্রমিতি সিদ্দিক, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘আইসিটি ফর এনভায়রনমেন্ট’ এই শ্লোগান নিয়ে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপি (২৪ ও ২৫ এপ্রিল) প্রথম জাতীয় তথ্য প্রযুক্তি উৎসব। বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান বিজয়।
দুই দিনব্যাপী এ প্রযুক্তি উৎসবের অন্যান্য আয়োজনের মধ্যে আছে-আউটসোর্সিং, সাইবার ক্রাইম, থ্রিডি ও গেম ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা, প্রযুক্তিবিষয়ক নাটিকা এবং কনসার্ট। প্রযুক্তি উৎসবের দ্বিতীয় দিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন ঢাকা-১৯ (সাভার) আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। প্রযুক্তি উৎসবের ইভেন্টগুলো হচ্ছে আইটি প্রজেক্ট প্রদর্শনী (মোবাইল অ্যাপস ও ওয়েব অ্যাপস), আইটি কুইজ এবং গেমিং প্রতিযোগিতা (ফিফা এবং এনএফএস)। দেশের প্রায় ১০টি কলেজ ও ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করবে বলে জানান আনিসুর রহমান। শিক্ষার্থীরা এ উৎসবে অংশগ্রহণ করতে চাইলে ০১৭৯১৩২৭২৫২, ০১৬৭৭১০০৮৭০ এবং ০১৯১৫৯৭৮১৮২ নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। এ ছাড়া বিশেষ প্রয়োজনে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে।

