গণবিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আগামী ২৫ এপ্রিল দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হবে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন, বকুলতলাসহ ক্যাম্পাসের ভেতরে-বাহিরে সবখানে বইছে নির্বাচনী হাওয়া। এমন কি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনে প্রার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।
আইন বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মাহফুজ ইকবাল বলেন, নির্বাচন উপলক্ষে এক বিভাগের শিক্ষার্থীর সাথে অন্য বিভাগের শিক্ষার্থীদের একটা মেলবন্ধন তৈরি হচ্ছে যা আমাদের জন্য নিঃসন্দেহে ইতিবাচক ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী বলেন, রাজনীতি হচ্ছে গণ মানুষের জন্য। গণ মানুষের নেতৃত্ব দিতে হলে ছাত্র রাজনীতির বিকল্প নেই। তিনি বলেন, গণমানুষের আশা-আকাক্সক্ষা বুঝতে হলে প্রতিটি নেতৃত্ব ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসা উচিৎ।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সিরাজুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের মোট ১৪টি বিভাগের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে আইন, ইংরেজি, বাংলা, ফলিত গণিত ও মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ। অন্যান্য বিভাগে বিনা প্রতিদ্বনিন্দ্বতায় প্রার্থী নির্বাচিত হওয়া ভোট হচ্ছে না। তিনি আরও জানান, নির্বাচন সংক্রান্ত সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। একই দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে ।

