তথ্যপ্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল সস্তায় ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরির ঘোষণা দিয়েছে। গুগলের নেক্সাস ৬ ফোন ব্যবহারকারীরা এই ওয়াই-ফাই সুবিধা পাবেন। গতকাল বুধবার গুগল এই ঘোষণা দেয়। এর মাধ্যমে ওয়ারলেস নেটওয়ার্ক সেবায় যুক্ত হচ্ছে গুগল।
গুগলের ওয়াই-ফাই নেটওয়ার্কের নাম ‘ফাই’। নেটওয়ার্কটি তৈরির জন্য গুগল যুক্তরাষ্ট্রের মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান স্প্রিন্ট করপোরেশন এবং টি মোবাইল নেটওয়ার্কের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। আপাতত সেবাটি শুধু যুক্তরাষ্ট্রেই মিলবে।
গুগলের এই নেটওয়ার্ক সেবার আওতায় দুটি মোবাইল অপারেটরের মাধ্যমে ওয়ারলেস নেটওয়ার্কে গ্রাহকদের সংযুক্ত করা হবে। এছাড়া শহরের বিভিন্ন ওয়াইফাই হটস্পটের সঙ্গেও গ্রাহকদের যুক্ত করবে। যেখানে যে নেটওয়ার্ক সিগন্যাল শক্তিশালী সেটিই ব্যবহার করা যাবে।
গুগলের এই সেবা পেতে হলে সার্ভিস চার্জ গুনতে হবে। ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের জন্য মাসে ২০ ডলার এবং প্রতি গিগাবাইটের জন্য ১০ ডলার খরচ হবে।

